Aaj India Desk, কলকাতা: কলকাতার নিউ টাউন (New Town) এলাকার এক তৃণমূল কংগ্রেস (TMC)-এর মিছিলে অংশ নেওয়াকে কেন্দ্র করে বিতর্কে জড়ালেন নাইজেরীয় বংশোদ্ভূত তিন ব্যক্তি। ইতিমধ্যেই তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, ওই তিন বিদেশি নাগরিক মিছিলে অংশ নিচ্ছেন, হাতে রাজনৈতিক পোস্টার নিয়ে স্লোগান দিচ্ছেন— “All votes from Trinamool” এবং “Trinamool Congress Zindabad”। ভিডিওটি পোস্ট করেন বিজেপি (BJP) প্রার্থী তরুণজ্যোতি তিওয়ারি। সেখানে আরও দেখা যায়, একদল মানুষ হাততালি দিয়ে “জয় বাংলা” এবং “তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ” স্লোগান তুলছেন।
এই ঘটনার তদন্তে নেমে বিধাননগর পুলিশ কমিশনারেট জানায়, বিদেশি নাগরিকরা নাকি কৌতূহলবশত ওই জমায়েতে যোগ দিয়েছিলেন। পুলিশের তরফে সোশ্যাল মিডিয়ায় জানানো হয়, “বাগুইহাটির একটি তৃণমূল মিছিলে কয়েকজন বিদেশি নাগরিক অল্প সময়ের জন্য যোগ দেন। তাঁদের কাছে বৈধ নথি না থাকায় ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট, ২০২৫-এর ২৩ নম্বর ধারায় ব্যবস্থা নেওয়া হয়েছে।”
অন্যদিকে, সোমবার (১৩ এপ্রিল, ২০২৬) বিজেপি এই ঘটনা নিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে অভিযোগ দায়ের করে। অভিযোগে বলা হয়, রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী আদিতি মুন্সি তাঁর প্রচার ও মিছিলে বিদেশি নাগরিকদের, বিশেষ করে নাইজেরীয়দের, যুক্ত করেছেন। বিজেপি নেতা অমিত মালব্যর সই করা অভিযোগপত্রে দাবি করা হয়েছে, “ভারতে রাজনৈতিক প্রচারে বিদেশি নাগরিকদের অংশগ্রহণ নজিরবিহীন এবং আইনবিরুদ্ধ। ওই বিদেশিরা তৃণমূলের ব্যাজ পরে, দলীয় পতাকা হাতে নিয়ে এবং স্লোগান তুলে সরাসরি একটি রাজনৈতিক দলকে সমর্থন ও প্রচার করেছেন, যা অত্যন্ত গুরুতর বিষয়।”
অভিযোগের জবাবে আদিতি মুন্সির স্বামী দেবরাজ চক্রবর্তী প্রশ্ন তোলেন, ওই ব্যক্তিদের আদৌ প্রার্থীর সঙ্গে দেখা গিয়েছে কি না। তিনি জানান, ওই এলাকা ফুটবল সংস্কৃতির জন্য পরিচিত এবং বহু নাইজেরীয় খেলোয়াড় স্থানীয় ক্লাবগুলিতে খেলেন।
উল্লেখ্য, আদিতি মুন্সি ২০২১ সালের বিধানসভা নির্বাচনে প্রায় ২৫ হাজার ভোটে তাঁর নিকটতম বিজেপি প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করেছিলেন।যদিও এমন ঘটনা এই প্রথম নয়। ২০১৯ সালে তৃণমূল প্রার্থীর হয়ে প্রচার করতে এসে বাংলাদেশের অভিনেতা ফেরদৌস আহমেদকে ‘লিভ ইন্ডিয়া’ নোটিশ জারি করতে হয়েছিল কেন্দ্রকে।
এদিকে, ২৯৪ আসনের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ হবে দুই দফায়-২৩ এপ্রিল এবং ২৯ এপ্রিল। এই ঘটনার জেরে ভোটের আগে রাজনৈতিক উত্তাপ যে আরও বাড়বে, তা বলাই বাহুল্য।


