29.9 C
Kolkata
Friday, June 5, 2026
spot_img

এবার ফিরহাদ হাকিমের বাড়িতে CID, কী জানতে চাইছেন তদন্তকারীরা?

Aaj India Desk, কলকাতা: তৃণমূল বিধায়কদের‌ (TMC MLA) সই জালিয়াতি মামলার তদন্তে এবার কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)-এর বাড়িতে পৌঁছল সিআইডি (CID)। বৃহস্পতিবার রাতে চেতলায় তাঁর বাড়িতে যান তদন্তকারী আধিকারিকরা। জানা গিয়েছে, বিরোধী দলনেতা নির্বাচনের জন্য যে বৈঠকে বিধায়কদের সই সংগ্রহ করা হয়েছিল, সেখানে উপস্থিত ছিলেন ফিরহাদ। সেই কারণেই তাঁর বক্তব্য নথিভুক্ত করতে চান তদন্তকারীরা।

রাত প্রায় ৮টা নাগাদ CID আধিকারিকরা তাঁর বাড়িতে পৌঁছন। তদন্তের স্বার্থে তাঁরা জানতে চাইছেন, ওই বৈঠকে ঠিক কোন কোন বিধায়ক উপস্থিত ছিলেন এবং কারা ছিলেন না। অভিযোগ উঠেছে, কয়েকজন অনুপস্থিত বিধায়কের নামের পাশেও সই করা হয়েছে। সেই সইগুলি কীভাবে এবং কার মাধ্যমে করা হয়েছিল, সে বিষয়ে তথ্য সংগ্রহ করছে CID।

তদন্তকারীরা আরও খতিয়ে দেখছেন, ওই সময় ফিরহাদ হাকিম সেখানে উপস্থিত থাকলে তিনি কোনও কিছু প্রত্যক্ষ করেছিলেন কি না। যদি করে থাকেন, তাহলে কারা ওই সই করেছিলেন, সে সম্পর্কেও তাঁর কাছ থেকে তথ্য জানতে চাওয়া হচ্ছে। সূত্রের খবর, তাঁর বয়ান রেকর্ড করার পাশাপাশি পুরো প্রক্রিয়ার ভিডিও রেকর্ডিংও করা হচ্ছে।

এদিকে, তৃণমূলের অন্দরে সই বিতর্ক নিয়ে রাজনৈতিক চাপানউতোর ক্রমশ বাড়ছে। এই পরিস্থিতিতে ফিরহাদের বাড়িতে CID-র পৌঁছে যাওয়া নতুন করে জল্পনা বাড়িয়েছে। অন্যদিকে, বুধবারই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে নবান্নে বৈঠক করেছিলেন ফিরহাদ হাকিম ও কুণাল ঘোষ। তার মাত্র একদিনের মধ্যেই CID-র এই পদক্ষেপ বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

এদিন ব্যাঙ্কশাল আদালতে তৃণমূলের তিন গুরুত্বপূর্ণ বিধায়কের সইয়ের নমুনাও সংগ্রহ করা হয়েছে। তদন্তকারীদের নজর এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জিজ্ঞাসাবাদের দিকে। আগামী ৮ জুন তাঁকে ভবানী ভবনে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। তার আগে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির বয়ান সংগ্রহ করে তদন্তের প্রস্তুতি আরও জোরদার করতে চাইছে CID।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন