Aaj India Desk, কলকাতা: রাজ্যে ফের নজরদারির আওতায় এল শিক্ষকদের প্রাইভেট টিউশন (Private Tution)। সরকারি ও সরকার-পোষিত স্কুলের শিক্ষকরা (Government Teacher) নিয়ম অনুযায়ী ব্যক্তিগতভাবে টিউশন পড়াতে পারেন না। এই নিয়ম কার্যকর করতে স্কুল শিক্ষা দফতর নতুন করে উদ্যোগ নিয়েছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে।
শিক্ষা দফতরের তরফে জানানো হয়েছে, শিক্ষা অধিকার আইন (RTE) এবং কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) নির্দেশ মেনে চলতেই হবে। সম্প্রতি জাতীয় মানবাধিকার কমিশনের কাছে অভিযোগ জমা পড়েছে যে, নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বহু শিক্ষক এখনও ব্যক্তিগত টিউশন চালিয়ে যাচ্ছেন। শুধু তাই নয়, কিছু ক্ষেত্রে অভিযোগ উঠেছে যে শিক্ষকরা নিজেদের স্কুলের ছাত্রছাত্রীদের টিউশন নেওয়ার জন্য চাপ দিচ্ছেন। এমনকি টিউশন না পড়লে পরীক্ষায় নম্বর কম দেওয়ার ভয়ও দেখানো হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
উল্লেখ্য, ২০১১ সালেই শিক্ষা দফতর স্পষ্ট নির্দেশ দিয়েছিল যে কোনও শিক্ষক ব্যক্তিগত লাভের উদ্দেশ্যে প্রাইভেট টিউশন করাতে পারবেন না। তবে স্কুলের পক্ষ থেকে যদি দুর্বল পড়ুয়াদের জন্য বিশেষ ক্লাস বা রেমেডিয়াল কোচিংয়ের ব্যবস্থা করা হয়, তাহলে সেখানে শিক্ষকরা পড়াতে পারবেন।


