Aaj India Desk, কলকাতা: রাজ্য বিধানসভায় পঞ্চায়েত দপ্তরের বাজেট আলোচনা চলাকালীন পঞ্চায়েত প্রধানদের অনুপস্থিতি নিয়ে কড়া অবস্থান নিলেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তিনি জানান, দীর্ঘদিন পঞ্চায়েতে না এলে সংশ্লিষ্ট প্রধানদের হয় পদত্যাগ করতে হবে, না হলে পুলিশি সহায়তায় তাঁদের পঞ্চায়েত কার্যালয়ে নিয়ে আসা হবে। পাশাপাশি পঞ্চায়েত প্রধানদের আর্থিক ক্ষমতা কমাতে নতুন বিল আনার কথাও ঘোষণা করেন তিনি। একই সঙ্গে ১১ হাজার শূন্যপদে রাজ্য লোকসেবা কমিশনের (PSC) মাধ্যমে নিয়োগের পরিকল্পনার কথাও জানান মন্ত্রী।
অনুপস্থিত প্রধানদের কড়া বার্তা
বিধানসভায় দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, যাঁরা পঞ্চায়েতে দায়িত্বে থেকেও নিয়মিত অফিসে আসছেন না, তাঁদের বিরুদ্ধে এবার কড়া ব্যবস্থা নেওয়া হবে। তাঁর বক্তব্য, দীর্ঘদিন অনুপস্থিত থাকলে হয় পদত্যাগ করতে হবে, নয়তো পুলিশি সহায়তায় তাঁদের পঞ্চায়েতে আনা হবে।
মন্ত্রী দাবি করেন, যাঁরা অতীতে অনিয়ম, দখলদারি বা জোর করে পঞ্চায়েতের দায়িত্বে এসেছিলেন বলে অভিযোগ রয়েছে, তাঁদের অনেকেই এখন মানুষের সামনে যেতে ভয় পাচ্ছেন। এর ফলে সাধারণ মানুষের পরিষেবা এবং প্রশাসনিক কাজ ব্যাহত হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
আর্থিক ক্ষমতায় বদল আনতে নতুন বিল
দিলীপ ঘোষ (Dilip Ghosh) জানান, পঞ্চায়েত প্রধানদের হাতে থাকা আর্থিক ক্ষমতা কমাতে নতুন বিল আনা হবে। যদিও সেই বিলে কী কী পরিবর্তন থাকবে বা আর্থিক ক্ষমতার নতুন কাঠামো কী হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
PSC-র মাধ্যমে ১১ হাজার পদে নিয়োগের ঘোষণা
এর সাথে পঞ্চায়েত দপ্তরের শূন্যপদ পূরণে বড় সিদ্ধান্তের কথা জানিয়েছেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। তাঁর ঘোষণা, দপ্তরের ১১ হাজার শূন্যপদে নিয়োগ করা হবে রাজ্য লোকসেবা কমিশনের (PSC) মাধ্যমে। তিনি বলেন, নিয়োগ প্রক্রিয়াকে স্বচ্ছ ও নিয়মতান্ত্রিক রাখার লক্ষ্যেই PSC-র মাধ্যমে এই নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তাঁর দাবি, এর ফলে নিয়োগে স্বচ্ছতা বাড়বে এবং অনিয়ম বা দুর্নীতির অভিযোগের সুযোগ কমবে।বিধানসভায় তিনি আরও জানান, পঞ্চায়েত ব্যবস্থায় জবাবদিহি বাড়ানো, প্রশাসনিক দক্ষতা উন্নত করা এবং সাধারণ মানুষের কাছে পরিষেবা আরও দ্রুত পৌঁছে দিতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।


