Aaj India desk, কলকাতা: ধর্মতলায় ধুন্ধুমার কান্ডে নাম জড়াল তৃণমূলের (TMC) । NEET প্রশ্নফাঁস এবং পরীক্ষা ব্যবস্থার দুর্নীতি নিয়ে দেশজুড়ে চলা আন্দোলনে সামিল হয়েছিল কলকাতাও। গত শুক্রবার শিয়ালদা থেকে ধর্মতলা অব্দি এক মিছিলে ডাক দিয়েছিল বাম সংগঠনগুলি। সেই মিছিলে পুলিশ ও সাংবাদিকদের আক্রমণ করা হয়। অশান্তি ছড়ানোর দায়ে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে ১৪ জনকে। বাম সংগঠনগুলি আগেই জানিয়েছিল এরা তাদের লোক নয়। বাইরে থেকে ঢুকে অশান্তি করেছে। ১৪ জনের মধ্যে একজন মহম্মদ আফরোজ। তাঁর সাথেই যোগ পাওয়া গেল তৃণমূলের।
কি জানা গেল?
স্থানীয় সূত্রের খবর ধৃত আফরোজ খান তৃণমূল (TMC)কর্মী। মেটিয়াবুরুজ কেন্দ্রের বর্তমান তৃণমূল বিধায়ক আবদুল খালেক মোল্লার নির্বাচনী প্রচারে বারবার দেখা গেছে আফরোজকে। তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা হাতে আফরোজের একাধিক ছবি পাওয়া গেছে মিছিলে হাঁটার ছবিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। আফরোজের সামাজিক মাধ্যমে লেখা রয়েছে “মমতা বন্দ্যোপাধ্যায় মানেই উন্নয়ন”। এছাড়া হাতে বন্দুক নিয়ে তার তৈরি রিলস ভিডিও-ও ভাইরাল হয়েছে। সন্দেহ করা হচ্ছে বাকিদের সাথেও তৃণমূলের যোগ পাওয়া যাবে।
তৃণমূলের কি প্রতিক্রিয়া?
আফরোজ খানের সঙ্গে তৃণমূলের(TMC) যোগ পাওয়ার পরেই অস্বীকার করেছে। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ জানিয়েছেন,”গত শুক্রবারের ওই মিছিলের সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক ছিল না। দুষ্কৃতিকারীরা কারা সে বিষয়ে তৃণমূলের কোন ধারণা নেই” বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য সহ বিরোধী দলগুলি এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছে। এবং কড়া আইনানুগ ব্যবস্থার দাবি জানিয়েছে। মিছিলের উদ্যোক্তা বাম সংগঠন গুলি জানিয়েছে, NEET দুর্নীতির বিরুদ্ধে ছাত্র-ছাত্রীদের আন্দোলনকে কালিমালিপ্ত করতে এটি একটি রাজনৈতিক চক্রান্ত। তৃণমূল পরিকল্পিত ভাবেই এটা করেছে।


