Aaj lndia Desk,কলকাতা: প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)-র নজর কেড়েছিল নন্দীগ্রামের জাহাজ বাড়ি (Jahaj Bari)। এবার সেই বাড়ির প্রসঙ্গই উঠে এল বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)-র বক্তব্যে। তৃণমূলের নন্দীগ্রাম কোর কমিটির নেতা শেখ সুফিয়ানের বাড়ি স্থানীয়দের কাছে বহুদিন ধরেই জাহাজ বাড়ি নামেই পরিচিত।
ভোট পরবর্তী হিংসার অভিযুক্তদের বিরুদ্ধে বক্তব্য রাখতে গিয়ে নন্দীগ্রামের সভামঞ্চ থেকে শুভেন্দুর কণ্ঠে শোনা যায় সেই বাড়ির নাম। তিনি বলেন, “আমাকে কিছু লিখে রাখতে হয় না। জাহাজ বাড়ির কথা আমার মাথায় আছে। সবকা সাথ, সবকা বিকাশ হবে, তবে সবকা হিসাবও হবে।”আপাতত এই মন্তব্য ঘিরে নতুন করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে চর্চা।
জাহাজ বাড়ি নামটা শুনলেই অনেকের মনে হয় যেন কোনও বিশাল জাহাজের আদলে তৈরি বাড়ি। তবে শেখ সুফিয়ানের দাবি, তাঁর বাড়ির আসল নাম মোটেই জাহাজ বাড়ি নয়। তিনি জানান, ১৯৯৮ সাল থেকেই তাঁর মাছ ধরার ট্রলারের ব্যবসা রয়েছে দিঘায়। সেই ব্যবসার স্মৃতি ধরে রাখতেই বাড়ির উপরে একটি ট্রলার রাখা হয়েছে। আর সেই ট্রলারকেই কেন্দ্র করেই স্থানীয়দের মুখে মুখে বাড়ির নাম হয়ে যায় জাহাজ বাড়ি।
চারতলা এই বাড়ির গঠনও নজরকাড়ার মত। তিনতলায় টাঙানো রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)-র ছবি। চারতলার উপরে রয়েছে মাস্তুলের মতো দণ্ড, যা দূর থেকে দেখলে জাহাজের কাঠামোর মত দেখায়। পুরো বাড়িটি তৈরি ওয়ানওয়ে গ্লাসে, আর একতলা বাদে বাকি তিনটি তলা মার্বেলে মোড়া। এবার এত বর্ণনা শুনে আপনাদের মনে হতেই পারে এ বাড়ি তৈরি করতে খরচ ঠিক কত?
তিনি বলেন, “আমার বাড়িটা ইস্যু নয়, ইস্যু আমি। আমি তৃণমূল কংগ্রেস করি, নেতৃত্ব দিই বলেই আমাকে ঘিরে এত আলোচনা। আমি কোনও অন্যায় করিনি। অথচ দেবব্রত মাইতিকে মারধরের মতো একাধিক মিথ্যা মামলায় আমাকে জড়ানো হয়েছে।”
সুফিয়ানের আরও দাবি, বেশ কিছু মামলায় ইতিমধ্যেই তিনি জামিন পেয়েছেন। বাকি মামলাগুলি নিয়েও তাঁর বিশেষ উদ্বেগ নেই বলেই জানিয়েছেন তৃণমূল নেতা।তবে তাঁর জাহাজ বাড়ি নিয়ে নানা আলোচনা চললেও, বাড়িটি ঘিরে এখনও পর্যন্ত কোনও অবৈধ নির্মাণের অভিযোগ সামনে আসেনি। তবে রাজনৈতিক পরিচয় এবং অতীতের নানা বিতর্কের জেরেই ফের আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন নন্দীগ্রামের এই তৃণমূল নেতা।


