Aaj India Desk, পুরুলিয়া: রাজ্যের দায়িত্ব নেওয়ার পর প্রথম এক বছরকে নিজের সরকারের জন্য বড় পরীক্ষা হিসেবে দেখতে চান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। পুরুলিয়ার (Purulia) সভা থেকে সাধারণ মানুষের উদ্দেশে তাঁর আবেদন, এখনই সরকারের কাজ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না নিয়ে তাঁকে কিছুটা সময় দেওয়া হোক। এক বছর পর কাজের হিসাব দেখে রাজ্যবাসীই তাঁর সরকারকে নম্বর দেবেন বলে জানালেন মুখ্যমন্ত্রী।
২০২৭ সালের ৯ মে মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর এক বছর পূর্ণ হবে। সেই দিনকে সামনে রেখেই নিজের সরকারের কাজের মূল্যায়নের কথা বলেন তিনি। শুভেন্দু বলেন, “আগামী ২০২৭ সালের ৯ মে আমার মুখ্যমন্ত্রিত্বের ১ বছর হবে। মুখ্যমন্ত্রিত্বের ১ বছর হলে আপনাদের সামনে পরীক্ষায় বসব। পরীক্ষায় আপনারা আমাকে নম্বর দেবেন। ১০-এর মধ্যে ৯ না পেলে ক্ষমা চেয়ে নেব। বলব পারলাম না। আপনারাই বলবেন ভুল লোককে ঠিক করিনি। সঠিক লোককে সঠিক দলকে এনেছি। বিশ্বাস-ভরসা রাখুন। সময় দিন।”
শুধু রাজ্যের উন্নয়ন নয়, কেন্দ্রের সঙ্গে একসঙ্গে কাজ করার বিষয়েও জোর দেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, কেন্দ্র ও রাজ্য সরকার মিলেই মানুষের জন্য কাজ করবে। তিনি বলেন, “কেন্দ্র-রাজ্য একসঙ্গে মিলে আপনাদের কল্যাণ করব। আমরা বদ্ধপরিকর।”
পুরুলিয়ায় এদিন একাধিক সরকারি কর্মসূচিতে যোগ দেন মুখ্যমন্ত্রী। মানবাজারে একটি জলপ্রকল্পের উদ্বোধন করেন তিনি। এরপর রঘুনাথপুরে গিয়ে প্রশাসনিক অনুষ্ঠানে অংশ নেন এবং একটি ইস্পাত কারখানার শিলান্যাস করেন। এই কারখানা তৈরি হলে প্রায় ৫,০০০ মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে বলে জানানো হয়েছে।
পুরুলিয়ার মাটি থেকেই শিল্পায়নের পক্ষে সরকারের অবস্থান স্পষ্ট করেন শুভেন্দু। তিনি বলেন, “শিল্পায়নের জন্য আমরা সবরকম সাহায্য করব।”তবে শিল্পের জন্য জমি নেওয়ার ক্ষেত্রে জোর করে অধিগ্রহণ করা হবে না বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “আমরা জোর করে শিল্পের জন্য জমি অধিগ্রহণ করব না, আমরা ল্যান্ড পার্চেস পলিসি চালু করেছি। ল্যান্ড পুলিং পলিসি চালু করেছি। চাষিদের থেকে জমি নিয়ে ল্যান্ড ডেভলপমেন্টও চালু করব।”
অর্থাৎ, পুরুলিয়ার সভা থেকে একদিকে নিজের সরকারের কাজের জন্য এক বছরের সময় চাইলেন মুখ্যমন্ত্রী, অন্যদিকে শিল্প ও কর্মসংস্থান বাড়ানোর পরিকল্পনাও তুলে ধরলেন। এখন সেই প্রতিশ্রুতি বাস্তবে কতটা পূরণ হয়, আর এক বছর পর রাজ্যবাসী তাঁকে কত নম্বর দেন, সেদিকেই নজর থাকবে।


