Aaj India Desk, কলকাতা : তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)-র ভবানীপুরের বাড়িতে আজ দুপুরে পৌঁছয় সিআইডির একটি দল। দুপুর প্রায় দেড়টা নাগাদ ৫-৬ জন আধিকারিকের ওই টিম শান্তিনিকেতন এর সামনে হাজির হয়।
সূত্রের খবর, প্রায় ১০ মিনিট ধরে দরজায় কড়া নাড়লেও ভিতর থেকে কেউ সাড়া দেননি বলেই দাবি করেন তদন্তকারী আধিকারিকরা।পরবর্তীতে বাড়ির এক কর্মী বাইরে এসে জানান, অভিষেক বন্দ্যোপাধ্যায় বর্তমানে বাড়িতে নেই। তাঁর স্ত্রী ও সন্তানরাও বাড়িতে অনুপস্থিত বলে জানান ওই কর্মী। তবে সাংসদ কোথায় রয়েছেন, সে বিষয়ে কোনও নির্দিষ্ট তথ্য দিতে পারেননি তিনি। কর্মীর বক্তব্য, “আমার ধারণার বাইরে। আমরা শুধু কর্মীরা এই বাড়িতে আছি।”
সিআইডি আধিকারিকরা জানান, তাঁরা একটি নোটিস পৌঁছে দিতে এসেছিলেন। তবে শেষ পর্যন্ত বাড়ির কর্মীর হাতে সেই নোটিস তুলে দেওয়া হয়নি।
কয়েকদিন আগেই একই ধরনের ঘটনায় তৃণমূলের একাধিক বিধায়ক, যার মধ্যে কুণাল ঘোষ (Kunal Ghosh) ও নারায়ন বন্দ্যোপাধ্যায় ( Nayana Bandyopadhyay)-সহ আরও কয়েকজনের বাড়িতেও পৌঁছেছিল সিআইডি। বিধানসভায় জমা পড়া একটি গুরুত্বপূর্ণ নথিতে কয়েকজন বিধায়কের স্বাক্ষর জাল করা হয়েছে বলে অভিযোগ ওঠে। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করেছে সিআইডি।
জানা গিয়েছে, বিধানসভার বিরোধী দলনেতা হিসেবে শোভন দেব চট্টোপাধ্যায় ( Shovandeb Chattopadhyay)-এর নাম প্রস্তাব করে একটি রেজোলিউশন জমা দেওয়া হয়েছিল। ওই নথিতে প্রায় ৭০ জন তৃণমূল বিধায়কের স্বাক্ষর রয়েছে। অভিযোগ, সেই স্বাক্ষরগুলির মধ্যে কয়েকটির সঙ্গে সংশ্লিষ্ট বিধায়কদের পূর্ববর্তী স্বাক্ষরের মিল পাওয়া যাচ্ছে না। বিষয়টি সামনে আসার পরই শুরু হয়েছে তদন্ত।
তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডির এই সফর সরাসরি ওই সই জাল-কাণ্ডের তদন্তের অংশ কি না, সে বিষয়ে এখনও পর্যন্ত কোনও তথ্য পাওয়া যায় নি।


