Aaj India Desk , কলকাতা : তারাপীঠের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে (Tarapith Fire Incident) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জন। সোমবার ভোরে তারাপীঠ মন্দির সংলগ্ন এলাকায় একটি হোটেলে আগুন লাগার ঘটনায় ইতিমধ্যেই হোটেল মালিকের ছেলেকে গ্রেফতার করা হয়েছিল। মঙ্গলবার সকালে হোটেল মালিক প্রবীর কুমার পালকেও গ্রেফতার করেছে পুলিশ। অনিচ্ছাকৃত খুন, গাফিলতি-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। ঘটনার তদন্তে রামপুরহাটের SDPO-র নেতৃত্বে SITও গঠন করা হয়েছে।
সোমবার ভোর প্রায় ৪টা থেকে সাড়ে ৪টের মধ্যে তারাপীঠ থানার কাছে পুকুরপাড় এলাকায় হোটেল বিদেশিনী-তে আগুন লাগে। শ্রাবণ মাসের শেষ সোমবার হওয়ায় সেই সময় হোটেলে বহু পুণ্যার্থী ছিলেন। হোটেলের নীচের অংশ থেকে আগুন ছড়িয়ে পড়ে। দ্রুত ধোঁয়ায় ভরে যায় উপরের তলাগুলি। অনেকেই ঘুমন্ত অবস্থায় ঘরে আটকে পড়েন। (Tarapith Fire Incident)
৯ জনের মৃত্যু, মৃতদের মধ্যে দুই শিশু
এই অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে দুই শিশুর বয়স ১০ এবং ৮ বছর বলে জানা গিয়েছে। মৃতদের মধ্যে মেঘালয়ের একই পরিবারের কয়েকজন রয়েছেন। এছাড়াও আলিপুরদুয়ারের বাসিন্দারাও রয়েছেন মৃতের তালিকায়। কয়েকজন আগুনে পুড়ে এবং ধোঁয়ায় দমবন্ধ হয়ে মারা যান। হোটেলে থাকা বহু মানুষকে দমকল ও পুলিশের যৌথ তৎপরতায় উদ্ধার করা হয়। কেউ কেউ পাইপ, গাছ বেয়ে এবং পুকুরে ঝাঁপ দিয়ে প্রাণ বাঁচান। (Tarapith Fire Incident)
নিরাপত্তা ব্যবস্থায় বড় প্রশ্ন
অগ্নিকাণ্ডের পর হোটেলের অগ্নি-নিরাপত্তা ব্যবস্থা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। বিভিন্ন তলার জরুরি বেরোনোর পথ তালাবন্ধ ছিল। ছাদের দরজাও বন্ধ থাকায় ধোঁয়া বেরোনোর সুযোগ কমে যায়। জানালা বন্ধ থাকা এবং পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকার অভিযোগও সামনে এসেছে। তবে এখনও আগুন লাগার প্রকৃত কারণ নিশ্চিত নয়।
ছেলের পর মালিকও পুলিশের জালে
অগ্নিকাণ্ডের ঘটনায় হোটেলের কেয়ারটেকার তথা মালিকের ছেলে কল্যাণ পালকে আগেই গ্রেফতার করা হয়েছিল। এবার গ্রেফতার করা হল হোটেল মালিক প্রবীর কুমার পালকে। পুলিশের তরফে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হয়েছে। অনিচ্ছাকৃত খুন, গাফিলতি-সহ একাধিক ধারায় তদন্ত শুরু হয়েছে।
ঘটনার তদন্তে অগ্নিকাণ্ডের কারণ, হোটেলের অনুমোদন, অগ্নিনির্বাপণ ব্যবস্থা এবং জরুরি বহির্গমন পথ ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পর তারাপীঠের অন্যান্য হোটেল, লজ, গেস্ট হাউস ও হোমস্টের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা পরীক্ষা করারও উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে আসন্ন কৌশিকী অমাবস্যায় বিপুল ভিড়ের কথা মাথায় রেখে নিরাপত্তা ব্যবস্থার উপর জোর দেওয়া হচ্ছে।


