36 C
Kolkata
Friday, April 24, 2026
spot_img

তৃণমূলের অ্যান্টি-ইনকামবেন্সি মোকাবিলা, বিজেপির সাংগঠনিক চ্যালেঞ্জ—প্রথম দফার পাঠ

SPECIAL FEATURE

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026) প্রথম দফা যেন এক অদ্ভুত দ্বন্দ্ব! এর উত্তাপ আর আশা, উত্তেজনা আর উৎসব, অভিযোগ আর আশ্বাস—সব মিলেমিশে এক দহনজ্বালা এপ্রিলের তীব্র দাবদাহে। ১৬টি জেলা, ১৫২টি আসন। আর ভোর হতেই রাস্তায় নেমে পড়ল বাংলা। বুথ খোলার আগেই লাইন। দুপুর গড়াতেই রোদের তেজ অসহ্য, তবু ভাঙেনি ইচ্ছাশক্তি। ভোটের হার বেড়েছে, ঠিক যেমন চড়েছে তাপমাত্রার পারদ! নির্দয়, অনমনীয়।

এ শুধু ভোট নয়, এ নিজের অস্তিত্বের প্রকাশ!

লড়াইয়ের কেন্দ্রে দু’টি শক্তি—শাসক তৃণমূল কংগ্রেস, টানা চতুর্থবারের লক্ষ্যে! আর চ্যালেঞ্জার বিজেপি, বাংলার মাটি দখলের প্রথম বড় প্রয়াসে। চারপাশে অন্যরা, কেউ জায়গা পেতে, কেউ ভোটের হিসেব নষ্ট করতে। শাসকদলের কাঁধে সময়ের ভার, শাসন, ক্লান্তি, অভিযোগ। তবু তাদের ভরসা জনকল্যাণমূলক প্রকল্প, যা কাগজে নয়, ঘরে ঘরে বাস্তব।

বিরোধীদের আক্রমণ তীক্ষ্ণ! দুর্নীতি, উন্নয়ন, নেতৃত্ব। আর তার সঙ্গে স্পষ্ট মেরুকরণ—কোথাও সূক্ষ্ম, কোথাও প্রকাশ্য। তবু বাংলার গল্প আলাদা। ১৫০০-র বেশি অভিযোগ। ছিটেফোঁটা হিংসা। তবুও ভোটার এসেছে। বিশেষ করে মহিলারা। রঙিন শাড়িতে, প্রখর রোদে, লাইনে দাঁড়িয়ে, শান্ত, স্থির, দৃঢ়। এখানে ভোট (West Bengal Assembly Election 2026) দেওয়া শুধু কর্তব্য নয়, এ যেন এক আচার।

এটাই বাংলা—আবেগে উচ্চকিত, সিদ্ধান্তে সংযত

নির্বাচন কমিশনও সন্তুষ্ট। ভোটের হারই তার প্রমাণ। কিন্তু ভেতরে ভেতরে অন্য গল্প। ভোটার তালিকা থেকে লক্ষ লক্ষ নাম বাদ—“লজিক্যাল ডিস্ক্রিপেন্সি”-এর অজুহাতে শুধু সংশোধন নয়, হয়তো ফলাফলও বদলে দিতে পারে। নীরবে, অদৃশ্যভাবে। মাঠে বিরোধীদের সংগঠন বক্তৃতার মতো ধারালো নয়। বুথে ফাঁক, সংগঠনে অসামঞ্জস্য, ছন্দপতন চোখে পড়েছে। তবুও নেই কোনও হইচই। নেই অভিযোগ নিয়ে সরব প্রতিবাদ। নেই উদ্বেগের ছাপ। শুধু এক অদ্ভুত আত্মবিশ্বাস, দুই পক্ষেই।

বাংলায় এর অর্থ গভীর!

এখানে আত্মবিশ্বাস মানেই নিশ্চিত জয় নয়। এ এক সংস্কৃতি। এক ভঙ্গি। এক বিশ্বাস—বাংলা নিজের সিদ্ধান্ত নিজেই নেয়। ‘ভদ্রলোক’ মানসিকতা, সংযত, সচেতন, মর্যাদাপূর্ণ আজও অটুট। উত্তেজনার মধ্যেও শালীনতা। অভিযোগের মধ্যেও অংশগ্রহণ। এখন যেন ছবিটা একটু বদলাচ্ছে। প্রচারের ঢেউ, দাবির ঝড়—সবই আছে। কিন্তু মাটির সত্যি হয়তো অন্য কিছু বলছে। প্রাথমিক ইঙ্গিত বলছে, শাসক তৃণমূল কংগ্রেস প্রত্যাশার চেয়ে ভালোভাবে সামলেছে অ্যান্টি-ইনকামবেন্সি। জনসংযোগ, প্রকল্প, আর কিছু অপ্রত্যাশিত পরিবর্তন—সব মিলিয়ে সুবিধা পেতে পারে।

বিজেপির এখন প্রয়োজন শুধু বার্তা নয়, সংগঠনের ভেতরে নজর দেওয়া। তবে এটা বাংলা। এখানে কিছুই আগে থেকে ঠিক হয় না। প্রতিটি দফা নতুন গল্প লেখে। যা নিশ্চিত, প্রখর রোদে, উত্তেজনা আর অভিযোগের মাঝেও বাংলা ভোট (West Bengal Assembly Election 2026) দিয়েছে। শুধু অধিকার নয়, নিজেকে জানানোর জন্য। একটা উৎসব—হ্যাঁ। কিন্তু তার ভেতরে হিসেব আছে, ইতিহাস আছে, নীরব দৃঢ়তা আছে।

আর ফলাফল? এখনও নয়। এখন নজর ২৯ এপ্রিল, দ্বিতীয় দফা, বাকি ১৪২ আসন, আসল লড়াই। তারপর অপেক্ষা ৪ মে ২০২৬। কারণ বাংলায় শেষ কথা আগে বলা হয় না—শেষ কথা শোনানো হয়।

(লেখা: জে সাগর; অনুবাদক: দেবী)

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন