Aaj India Desk, পূর্ব বর্ধমান: আরএসএস (RSS) প্রধান মোহন ভাগবতের (Mohan Bhagwat) সঙ্গে আজ সন্ধ্যায় সাক্ষাৎ করতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সূত্রের খবর, মালদা থেকে ফেরার পথে বর্ধমানে আরএসএসের কার্যালয়ে গিয়ে সঙ্ঘপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি।
বৃহস্পতিবার সকালেই রাজ্যে এসে পৌঁছেছেন মোহন ভাগবত। আগামী তিন দিন বর্ধমানে তাঁর একাধিক সাংগঠনিক কর্মসূচি রয়েছে। এদিন দিনভর আরএসএসের বিভিন্ন স্তরের পদাধিকারী ও কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক করবেন তিনি। সেই কর্মসূচির মাঝেই সন্ধ্যায় শুভেন্দু অধিকারীর সঙ্গে তাঁর সাক্ষাৎ হওয়ার কথা।
এর আগে বর্ধমান সফরের সময় আরএসএস কার্যালয়ে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেখানে সঙ্ঘের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকও করেছিলেন তিনি। এবার সরাসরি আরএসএস প্রধান মোহন ভাগবতের সঙ্গে তাঁর সাক্ষাৎ হতে চলেছে। বর্ধমানে সফরে এসে উত্তরবঙ্গ, মধ্যবঙ্গ ও দক্ষিণবঙ্গের স্বয়ংসেবকদের সঙ্গে বৈঠক করবেন মোহন ভাগবত। পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান বিভাগের ক্ষেত্র প্রমুখদের সঙ্গেও তাঁর আলোচনা রয়েছে।
রাজ্যে আরএসএসের শাখার সংখ্যা কতটা বেড়েছে, বিশেষ করে পূর্ব বর্ধমান জেলায় সংগঠনের কাজ কতটা এগিয়েছে, সেই বিষয়ে বিস্তারিত তথ্য নেবেন সঙ্ঘপ্রধান। পাশাপাশি আগামী এক বছরে সংগঠনের কী কী কর্মসূচি থাকবে, সে বিষয়েও প্রয়োজনীয় নির্দেশ দেবেন তিনি।
বর্ধমান শহরের উল্লাসে আরএসএস কার্যকর্তাদের একটি কর্মসূচিতেও অংশ নেওয়ার কথা রয়েছে মোহন ভাগবতের। এরপর তিনি যাবেন বর্ধমান মডেল স্কুলে। সেখানেও সঙ্ঘের কর্মসূচিতে যোগ দেবেন তিনি। বৃহস্পতিবার সন্ধ্যায় বর্ধমানে আরএসএস কার্যকর্তাদের স্থানীয় একটি কর্মসূচিতেও অংশ নেবেন ভাগবত। শুক্রবার সকাল থেকে সংগঠনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন তিনি। পরে আরএসএসের নতুন কার্যালয়ে গিয়ে দিনভর বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করার কথা রয়েছে তাঁর।


