Aaj India Desk, দক্ষিণ ২৪ পরগনা: ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠকের পর এবার ফলতায় (Falta) রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। পুলিশ ও বিধায়কদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক সেরে সোজা ফলতায় পৌঁছবেন তিনি। জানা গেছে যে, শেষ নির্বাচনের দিন ফলতায় অশান্তি ও ইভিএম বিতর্কের জেরে ফের ভোটের ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ECI)। আগামী ২১ মে সেখানে পুনর্নির্বাচন হবে। তার আগে ১৯ মে শেষ দফার প্রচার। সেই প্রচারকে সামনে রেখেই ফলতায় বিজেপির (BJP) প্রচারে ঝাঁপাতে চলেছেন মুখ্যমন্ত্রী।
সূত্রের খবর, এদিন বিজেপি প্রার্থীর সমর্থনে ফলতায় কর্মিসভা ও জনসভা করতে পারেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি ১৯ মে প্রচারের শেষ দিনে ফলতায় তাঁর রোড শো করারও সম্ভাবনা রয়েছে। মুখ্যমন্ত্রীর কর্মসূচির খবর প্রকাশ্যে আসতেই এলাকায় বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গিয়েছে। ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়েছে জোরকদমে। অন্যদিকে, মুখ্যমন্ত্রীর সফর ঘিরে নিরাপত্তা নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছে না প্রশাসন। গোটা ফলতা এলাকা কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলার প্রস্তুতি শুরু করেছে পুলিশ।
প্রসঙ্গত, ভোটের দিন ফলতায় ইভিএম নিয়ে একাধিক অভিযোগ উঠেছিল। অভিযোগ ছিল, ইভিএমে টেপ লাগানো হয়েছে। রিপোলের দাবিও ওঠে বিভিন্ন মহল থেকে। পরে বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত গোটা ঘটনার স্ক্রুটিনি রিপোর্ট কমিশনের কাছে জমা দেন। সেই রিপোর্টে উঠে আসে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য। অভিযোগ, শুধু ইভিএমে টেপ লাগানোই নয়, বেশ কয়েকটি বুথের সিসিটিভি ক্যামেরাও বন্ধ করে দেওয়া হয়েছিল। তাছাড়াও, গ্রামবাসীদের অভিযোগ, ভোটকে কেন্দ্র করে তাঁদের হুমকি দেওয়া হয়েছে। এমনকি, মহিলা ভোটারদের ভোটদানে বাধা দেওয়া হচ্ছিল। তাই, পরিস্থিতি খতিয়ে দেখার পরই শেষ পর্যন্ত ফলতায় পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন।


