Aaj India Desk, কলকাতা: একাধিক পুরসভায় দুর্নীতির অভিযোগে বড় তথ্য সামনে এসেছে। অর্থ দফতরের স্পেশ্যাল অডিট সেলের তদন্তে একাধিক পুরসভায় টেন্ডার, বিল, প্রকল্প বাস্তবায়ন এবং আর্থিক লেনদেনে অনিয়মের প্রমাণ মিলেছে বলে নবান্ন সূত্রে খবর। এর ভিত্তিতে এবার সংশ্লিষ্ট আধিকারিক এবং জনপ্রতিনিধিদের চিহ্নিত করার কাজ শুরু হতে চলেছে।
জানা গিয়েছে তদন্তে যাঁদের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ মিলবে, তাঁদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের পাশাপাশি আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজন হলে এফআইআরও দায়ের করা হতে পারে। তদন্ত আরও শক্তিশালী করতে ডিজিটাল ফরেনসিক ও ইঞ্জিনিয়ারিং বিশেষজ্ঞদেরও যুক্ত করা হয়েছে বলে জানা গিয়েছে।
রাজ্যে সরকার পরিবর্তনের পর বিভিন্ন পুরসভায় দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত শুরু করে অর্থ দফতরের স্পেশ্যাল অডিট সেল। প্রাথমিক তদন্তে জলপাইগুড়ি, বাঁকুড়া, উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান এবং হুগলি জেলার মিলিয়ে ছয়টিরও বেশি পুরসভায় আর্থিক অনিয়মের প্রমাণ মিলেছে বলে নবান্ন সূত্রে দাবি করা হয়েছে।
শুধু এই কয়েকটি পুরসভাই নয়, রাজ্যের আরও বেশ কিছু পুরসভায় বর্তমানে স্পেশ্যাল অডিট চলছে। প্রশাসনের একাংশের মতে, সেই তদন্ত শেষ হলে আরও নতুন তথ্য সামনে আসতে পারে।
পুরসভা সংক্রান্ত অভিযোগের ক্ষেত্রে প্রথমে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরের অধীন ডিরেক্টরেট অফ লোকাল বডিস প্রাথমিক তদন্ত করে। সেখানে অভিযোগের সত্যতা মিললে বিষয়টি অর্থ দফতরের স্পেশ্যাল অডিট সেলের কাছে পাঠানো হয়। এরপর বিস্তারিত আর্থিক নিরীক্ষার মাধ্যমে অনিয়মের বিষয়গুলি খতিয়ে দেখা হয়।
এর আগেই তৃণমূল সরকারের আমলে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ নিয়েও বড় অডিটের ঘোষণা করেছে নবান্ন। ২০২৪ সালের ১ এপ্রিল থেকে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত রাজ্য পুলিশের সমস্ত চুক্তিভিত্তিক নিয়োগের তথ্য ২৪ জুলাইয়ের মধ্যে জমা দিতে বলা হয়েছে। সেই নিয়োগ প্রক্রিয়াও ভারতীয় অডিট ও অ্যাকাউন্টস বিভাগের (PAG Audit-I) নজরে রয়েছে।


