31 C
Kolkata
Thursday, September 10, 2026
spot_img

পার্কস্ট্রিট দুধকাণ্ডে সীতাকে দেওয়া হলো ঘর, কিন্তু ভাড়া কে দেবে? উঠছে বড় অভিযোগ

Aaj India Desk, কলকাতা: পার্ক স্ট্রিটের (Park Street Case) ফুটপাতে শিশুর জন্য দুধ গরম করার ঘটনাকে ঘিরে আলোচনায় আসা সীতা (Sita) এবার রাজ্য প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন। তাঁর অভিযোগ, সরকার পুনর্বাসনের (Resettlement) আশ্বাস দিলেও এখনও পর্যন্ত তাঁদের জন্য কোনও স্থায়ী থাকার ব্যবস্থা বা আর্থিক সহায়তা করা হয়নি। বরং যে ভাড়া বাড়িতে থাকার ব্যবস্থা করার কথা বলা হয়েছিল, সেই বাড়ির ভাড়াও নাকি তাঁদের নিজেদেরই দিতে হবে।

সীতার দাবি, সরকারি তরফে তাঁদের জন্য একটি বাড়ি দেখানো হয়েছিল। কিন্তু পরে সেই বাড়ির ভাড়া নিজেদেরই বহন করতে বলা হয়। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “সরকারের তরফে আমাদের ঘর দেওয়ার আশ্বাস দিয়ে একটি ভাড়া বাড়ি দেখানো হয়েছিল। কিন্তু এখন বলা হচ্ছে, সেই ঘরের ভাড়ার টাকা নাকি আমাদেরই দিতে হবে! আমাদের কাছে অত টাকা কোথায় পাব? পুরনো জায়গায় আর আগের মতো থাকতে পারছি না, কোনও কাজের ব্যবস্থাও করে দেওয়া হয়নি। এখন বাধ্য হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি এবং আমাদের নিজেদেরই ভাড়া বাড়ি খুঁজে নিতে বলা হচ্ছে।”

এর আগে কলকাতার ফুটপাত পরিদর্শনের সময় সীতার সঙ্গে রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul) দুর্ব্যবহার করেছেন বলে বিরোধীদের তরফে অভিযোগ ওঠে। যদিও পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) জানান, ওই পরিবার কারও বিরুদ্ধে কোনও অভিযোগ করেনি। পাশাপাশি সরকারই সীতাদের জন্য স্থায়ী থাকার ব্যবস্থা করবে বলেও জানানো হয়েছিল। নিরাপত্তার কারণে কয়েক দিন সীতা ও তাঁর পরিবারকে একটি হোটেলে রাখা হয়েছিল। এরপর তাঁদের পুনর্বাসন নিয়ে নতুন করে তৈরি হয়েছে জটিলতা। সীতার সাম্প্রতিক অভিযোগ সেই বিষয়টিকেই ফের সামনে নিয়ে এসেছে।

এর মধ্যেই কয়েক দিন আগে বিজেপির তরফে সীতা, তাঁর মেয়ে ও নাতিকে নিয়ে একটি ভিডিও প্রকাশ করা হয়েছিল। সেখানে দাবি করা হয়, মুখ্যমন্ত্রী এবং মন্ত্রী অগ্নিমিত্রা পাল নিয়মিত তাঁদের খোঁজখবর রাখছেন এবং তাঁরা নিরাপদেই রয়েছেন। কিন্তু এরপরই সীতার এই অভিযোগকে ঘিরে প্রশাসনের দেওয়া প্রতিশ্রুতি কতটা বাস্তবে কার্যকর হয়েছে, তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

অন্যদিকে, সীতার ঘটনা নিয়ে আগে থেকেই সরব ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফেসবুকে একটি ভিডিও বার্তায় অগ্নিমিত্রা পালকে নিশানা করে তিনি বলেছিলেন, “দরিদ্র মানুষকে ঘৃণা করা কোনও জনপ্রতিনিধির শোভা পায় না। যিনি বাচ্চার জন্য দুধ ফোটাচ্ছিলেন, তিনি অত্যন্ত অসহায়। মনে রাখা উচিত, মায়ের অভিশাপ সবচেয়ে বড় অভিশাপ।”

সীতা ও তাঁর পরিবারের পাশে থাকার কথাও জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, পরিবারটি রাজি থাকলে ব্যক্তিগত উদ্যোগে তাঁদের সমস্যার সমাধানের ব্যবস্থা করবেন। আপাতত দলের কোনও কর্মী বা সমর্থকের বাড়িতে তাঁদের থাকার ব্যবস্থা করার পাশাপাশি শিশুটির পড়াশোনার দায়িত্ব নেওয়ার কথাও জানিয়েছিলেন তিনি। তবে, সেই ঘটনার পরেও সীতার বর্তমান অভিযোগ সামনে আসায় পার্ক স্ট্রিটের ওই পরিবারের পুনর্বাসন নিয়ে ফের শুরু হয়েছে জোর আলোচনা।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন