Aaj india desk, কলকাতা: যাদবপুরে (Jadavpur) আজ সাজো সাজো রব। কারণ স্বয়ং মুখ্যমন্ত্রী আসছেন। দশ হাজার কন্ঠে বন্দেমাতরম গান করা হবে। যাদবপুরে (Jadavpur) দেশপ্রেমের পাঠ দিতেই এই ব্যবস্থা। যাদবপুর এফবি বাসস্ট্যান্ডের পাশের লেন আটকে তৈরি হয়েছে বড় মঞ্চ। এছাড়াও সুলেখা থেকে যাদবপুর ৮ বি এবং এইট বি থেকে যাদবপুর থানা পর্যন্ত তৈরি করা হয়েছে রাম্প। ১০ হাজার মানুষের দাঁড়ানোর জায়গা হয়েছে সেখানে। এর জন্য সকাল থেকেই বন্ধ করে দেওয়া হচ্ছে রাস্তা।
বিকল্প পথ কোন দিকে?
সপ্তাহের শেষ ব্যস্ত দিনে যান নিয়ন্ত্রণ করা হচ্ছে যাদবপুরে (Jadavpur)। ফলে অসুবিধায় পড়ছেন সাধারণ মানুষ। যাদবপুর স্টেশন থেকে এইট বি যেতে বাধা দেওয়া হচ্ছে। এক সাইকেল আরোহীর প্রশ্ন, “তাহলে আমরা যাব কোন পথে?” যাদবপুর স্টেশন রোডের সিভিক পুলিশের বক্তব্য, ” পিছনের দিকে নিশ্চয়ই রাস্তা থাকবে। আমাদের বলা হয়েছে এদিক থেকে যেন কাউকে না ঢুকতে দেওয়া হয়।” পিছনের দিকের রাস্তাটা কোনদিকে জানতে চাইলে নিরুত্তর নিরাপত্তা রক্ষীরা। সাংবাদিক প্রশ্ন করতেই তাদের উত্তর,” কি বলি বলুন তো? আমাদের শুধু বলা হয়েছে জান আটকাতে কিন্তু বিকল্প পথ কোন দিকে আমাদের তো বলা হয়নি। আমরা শুধু জানি বাঘা যতীনের দিকটা খোলা আছে।”
প্রশাসনে সমন্বয়ের অভাব ?
সকাল থেকেই যাদবপুরে (Jadavpur) রাস্তা বন্ধ করে দেওয়া হচ্ছে। খোলা রয়েছে বাঘা যতীনের দিকটা। কিন্তু বাঘা যতীন যেতে গেলে যাদবপুরের কোন রাস্তা নিতে হবে জানেন না নিরাপত্তা রক্ষীরাই। ফলে প্রশ্ন উঠছে প্রশাসনে কি সমন্বয় নেই। এত বড় অনুষ্ঠানে নিচু তলার বাহিনীর কাছে কোন তথ্য নেই। যার ফলে হয়রানি বাড়ছে সাধারণ মানুষের। পাশাপাশি প্রশ্ন উঠছে অনুষ্ঠান শুরু হবে চারটা থেকে। এত আগে রাস্তা বন্ধ করে দিলে জরুরী পরিষেবার কি হবে। ইতিমধ্যেই ব্যাংকের গাড়ি আটকে ফিরে গেছে। পাশেই রয়েছে কেপিসি হসপিটাল। স্বাস্থ্য পরিসেবাও কি ব্যাহত হবে। উঠছে প্রশ্ন।


