35.1 C
Kolkata
Tuesday, June 23, 2026
spot_img

শতদ্রুর দাবিতে সায় নয়! মেসি-কাণ্ডে অরূপকে নিয়ে কী জানাল আদালত?

Aaj India Desk, কলকাতা: ফুটবল তারকা লিওনেল মেসি (Lionel Messi)-র কলকাতা সফরকে ঘিরে হওয়া যুবভারতী বিতর্কে আপাতত স্বস্তিতে রয়েছেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)। তাঁর বিরুদ্ধে গ্রেফতারির ওপর যে অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) একক বেঞ্চ দিয়েছিল, সেটাই আপাতত বহাল রাখল ডিভিশন বেঞ্চ।

মঙ্গলবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হয়। একক বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে এবং অরূপ বিশ্বাসের গ্রেফতারির দাবি তুলে আদালতের দ্বারস্থ হয়েছিলেন এই মামলার অন্যতম অভিযুক্ত শতদ্রু দত্ত।

শুনানিতে শতদ্রু দত্তের আইনজীবী দাবি করেন, যুবভারতী কাণ্ডে অরূপ বিশ্বাসের বিরুদ্ধে গুরুতর ও জামিন অযোগ্য অভিযোগ রয়েছে। অথচ পুলিশ এখনও পর্যন্ত কোনও উল্লেখযোগ্য পদক্ষেপ করেনি। তাঁর অভিযোগ, এফআইআর দায়ের করা ছাড়া তদন্তে তেমন কোনও অগ্রগতি দেখা যায়নি। এর পাল্টা অরূপ বিশ্বাসের আইনজীবী কিশোর দত্ত বলেন, আদালত যখন তদন্তের বিষয়ে আগেই নির্দেশ দিয়েছে, তখন সেই তদন্ত নিয়ে এভাবে প্রশ্ন তোলার অধিকার অভিযোগকারীর নেই। তাই এই আবেদন খারিজ হওয়া উচিত।

এরপর আদালত জানতে চায়, অরূপ বিশ্বাস তদন্তে সহযোগিতা করছেন কি না, তিনি কি নিয়মিত তদন্তকারী অফিসারের কাছে হাজিরা দিচ্ছেন এবং আগাম জামিনের আবেদন করেছেন কি না। জবাবে রাজ্যের আইনজীবী জানান, প্রাক্তন মন্ত্রী তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করছেন এবং নির্ধারিত সময় অনুযায়ী থানায় হাজিরাও দিচ্ছেন। রাজ্যের এই বক্তব্যের পর ডিভিশন বেঞ্চ আপাতত একক বেঞ্চের দেওয়া রক্ষাকবচে হস্তক্ষেপ করেনি। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে আগামী ২ জুলাই।

উল্লেখ্য, মেসির কলকাতা সফরের সময় যুবভারতী ক্রীড়াঙ্গনে ব্যাপক ভিড় ও বিশৃঙ্খলার অভিযোগ ওঠে। অভিযোগ ছিল, সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে বড়সড় ব্যর্থতা দেখা দেয়। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে, বিশ্বকাপজয়ী ফুটবলার লিওনেল মেসি অল্প সময়ের মধ্যেই স্টেডিয়াম ছেড়ে চলে যান। ওই ঘটনার পর আয়োজক শতদ্রু দত্তকে গ্রেফতার করেছিল পুলিশ। বর্তমানে তিনি জামিনে মুক্ত রয়েছেন।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন