Aaj India Desk, নয়াদিল্লি: রাজপথে বিরোধী ঐক্যের ছবিটা এখনও পুরোপুরি স্পষ্ট নয়। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং এম এ বেবির উদ্যোগের পরও আগামী ৬ অক্টোবরের কর্মসূচিতে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আম আদমি পার্টি (AAP) এবং ডিএমকে। সূত্রের খবর, কংগ্রেসের (Congress) সঙ্গে দূরত্ব বজায় রাখতেই এই সিদ্ধান্ত তাদের।
জানা গিয়েছে, ইন্ডিয়া জোটের (India Alliance) বৈঠকে উপস্থিত না থাকলেও আপ ও ডিএমকেকে ৬ অক্টোবরের মিছিলে সামিল করার চেষ্টা চালানো হচ্ছিল। একইসঙ্গে বিআরএস, বিজেডি এবং ওয়াইএসআর কংগ্রেসের সঙ্গেও যোগাযোগ করা হয় তৃণমূলের তরফে। তবে এখনও পর্যন্ত ইন্ডিয়া জোটের শরিক দলগুলির বাইরে নতুন কোনও দল এই মিছিলে যোগ দিচ্ছে না বলেই খবর। অন্যদিকে, কংগ্রেস সূত্রে জানা যাচ্ছে, টিভিকে-র সাংসদ না থাকলেও নির্বাচন কমিশন বিরোধী পরবর্তী কর্মসূচিগুলিতে বিজয়ের দলকে পাশে পাওয়ার চেষ্টা চলছে।
আগামী ৬ অক্টোবর সকাল সাড়ে ১০টায় সংসদ চত্বরে জমায়েত করবেন ইন্ডিয়া জোটের সাংসদরা। সেখান থেকেই জাতীয় নির্বাচন কমিশনের উদ্দেশ্যে মিছিল যাওয়ার কথা। তৃণমূলের তরফে দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ দলের বড় অংশের সাংসদ এই কর্মসূচিতে যোগ দিতে পারেন। সব মিলিয়ে প্রায় ১০০ থেকে ১৫০ জন বিরোধী সাংসদ মিছিলে থাকতে পারেন বলে খবর।


