Aaj lndia Desk,কলকাতা: রেশন ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও কার্যকর করতে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানাল রাজ্য সরকার। অন্ত্যোদয় অন্ন যোজনা (AAY) রেশন কার্ডের আওতায় থাকা উপভোক্তাদের জন্য এবার মাথাপিছু ৭ কেজি করে চাল দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকার সূত্রে জানা গিয়েছে, খুব শীঘ্রই এই বিষয়ে কেন্দ্রের তরফে প্রয়োজনীয় বিজ্ঞপ্তি জারি করা হবে।
এই ঘোষণা ছাড়াও রেশন ব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে কড়া অবস্থান নিয়েছে রাজ্য। খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া জানান, দীর্ঘদিন ধরে রেশন বণ্টন প্রক্রিয়ায় অনিয়ম ও মধ্যস্বত্বভোগীদের ভূমিকা নিয়ে অভিযোগ উঠেছে। ভবিষ্যতে এই ধরনের দুর্নীতির কোনও জায়গা থাকবে না বলেই স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি। তাঁর দাবি, কেন্দ্র ও রাজ্যের যৌথ উদ্যোগে খাদ্যশস্য সরাসরি কৃষক এবং প্রকৃত উপভোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা আরও জোরদার করা হবে। পাশাপাশি কৃষকদেরও সরাসরি সরকারের সঙ্গে যোগাযোগ রেখে কাজ করার আহ্বান জানানো হয়েছে।
রেশন বণ্টনের সঙ্গে যুক্ত কোনও ডিলার বা ডিস্ট্রিবিউটর দুর্নীতিতে জড়িত প্রমাণিত হলে তাঁদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন খাদ্যমন্ত্রী। একই সঙ্গে রেশনে দেওয়া চালের গুণগত মান বজায় রাখতে নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেন্ট্রাল পুল এবং স্টেট পুল উভয় উৎস থেকেই যে চাল সরবরাহ করা হবে, তার মান নিয়মিত পরীক্ষা করা হবে। নিম্নমানের চাল পাওয়া গেলে তা অবিলম্বে ডিস্ট্রিবিউটরদের ফেরত পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। রেশন ডিলারদেরও খারাপ মানের খাদ্যশস্য গ্রহণ না করার নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া চালের মান আরও উন্নত করতে ভাঙা চালের অনুমোদিত পরিমাণ ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের দাবি, এই পদক্ষেপগুলির ফলে রেশন ব্যবস্থায় স্বচ্ছতা বাড়বে এবং সাধারণ মানুষ আরও উন্নত মানের খাদ্যশস্য পাবেন।


