Aaj India Desk, কলকাতা: গণনার আগে থেকেই রাজ্য রাজনীতির পরিবেশ গরম। এবার বিধাননগর কলেজের স্ট্রংরুম ঘিরে তুমুল উত্তেজনা ছড়াল তৃণমূল (TMC) ও বিজেপি (BJP) কর্মী-সমর্থকদের মধ্যে। খবর অনুযায়ী, শনিবার রাতে প্রথমে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। ধীরে ধীরে তা বাড়তে বাড়তে স্লোগান আর পাল্টা স্লোগানে পৌঁছায়। কিছু সময়ের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গিয়ে হাতাহাতির রূপ নেয়।
পরিস্থিতি সামাল দিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। মাইকিং করে ভিড় সরানোর চেষ্টা করা হয়। পরে ব্যারিকেড দিয়ে দু’দলের কর্মীদের আলাদা করে দেওয়া হয়।বিজেপির অভিযোগ, তাদের বানানো ক্যাম্পে তৃণমূলের পতাকা লাগানোকে কেন্দ্র করেই ঝামেলার শুরু। অন্যদিকে তৃণমূলের পাল্টা অভিযোগ, বিজেপি উত্তেজনা বাড়িয়েছে। এমনকি কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধেও লাঠিচার্জের অভিযোগ তুলেছে তারা। ফলে কয়েক দফায় উত্তেজনা ছড়ায় এলাকায়।
এই ঘটনার পর স্ট্রংরুমে নিরাপত্তা আরও কড়া করা হয়েছে। পাশাপাশি গণনাকেন্দ্রগুলিতেও বাড়ানো হয়েছে নজরদারি। পূর্ব মেদিনীপুরে চারটি গণনাকেন্দ্রকে ‘নো ফ্রাইং জোন’ ঘোষণা করেছে প্রশাসন-বাজি ফাটানো বা বিজয় মিছিল নিষিদ্ধ। এছাড়া গণনাকেন্দ্রের আশেপাশে জারি হয়েছে ১৬৩ ধারা, চলছে পুলিশের মাইকিং।
এদিকে, কোনও রকম বিতর্ক এড়াতে মালদহে জেলা প্রশাসনের উদ্যোগে সর্বদলীয় বৈঠক করা হয়। জেলা শাসক নিজে প্রার্থীদের নিয়ে গণনাকেন্দ্র ও স্ট্রংরুম ঘুরে দেখান। মালদহ কলেজ ও মালদা পলিটেকনিক কলেজে তৈরি হয়েছে গণনাকেন্দ্র। এই দুই জায়গাতেই আগামী ৪ মে জেলার ১২টি বিধানসভার ভোটগণনা হবে।


