Aaj India Desk, কলকাতা : দুর্গাপুজোর খুঁটি পুজো ঘিরে শুরু হয়েছিল বিতর্ক। এন্টালির পদ্মপুকুর পার্কের পুজোকে কেন্দ্র করে পুলিশের মূল গেট তালাবন্ধ করে বিক্ষোভ দেখানোর অভিযোগে এবার বিজেপির উত্তর কলকাতা সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সুদীপ রামকে সাময়িকভাবে সাসপেন্ড (BJP leader Suspended) করল বিজেপি। পাশাপাশি তাঁকে সাত দিনের মধ্যে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলির জবাব দিতেও বলা হয়েছে।
খুঁটি পুজো থেকেই বিতর্কের সূত্রপাত
গত ১২ আগস্ট এন্টালির পদ্মপুকুর পার্কে দুর্গাপুজোর খুঁটি পুজো হয়। ওই পুর পার্কে এটিই প্রথম দুর্গাপুজো আয়োজনের উদ্যোগ বলে জানা যায়। কিন্তু দু’দিন পর, ১৪ আগস্ট রাতে, পুজোর খুঁটি উপড়ে ফেলার অভিযোগ ওঠে। পুজোর সঙ্গে সম্পর্কিত ব্যানারও সরিয়ে দেওয়া বা বদলে দেওয়ার অভিযোগ সামনে আসে। ঘটনাকে কেন্দ্র করে বিজেপিরই দুই গোষ্ঠীর মধ্যে চাপানউতোর শুরু হয়। (BJP leader Suspended)
অভিযোগের তির একে অপরের দিকে
খুঁটি উপড়ে ফেলার ঘটনায় বিজেপির এক গোষ্ঠী স্থানীয় আর এক গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগ তোলে। দিলীপ কুমার রাম ও তাঁর ভাই সুদীপ রামের গোষ্ঠীর তরফে বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের নামও অভিযোগের সঙ্গে জড়ানো হয় বলে জানা যায়। অবশ্য এই অভিযোগ সরাসরি অস্বীকার করেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল। তিনি দাবি করেন, ঘটনার সময় তিনি সেখানে ছিলেনই না। ফলে খুঁটি পুজোর আয়োজন ও নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বিজেপির স্থানীয় সংগঠনের অভ্যন্তরীণ বিরোধ আরও প্রকাশ্যে আসে।
স্বাধীনতা দিবসের ভোরে থানার সামনে বিক্ষোভ
ঘটনার প্রতিবাদে ১৫ আগস্ট ভোরে সুদীপ রাম-ঘনিষ্ঠ বিজেপি কর্মী-সমর্থকেরা এন্টালি থানার সামনে জড়ো হন। অভিযোগ, প্রায় ৮০ জনের একটি দল থানার মূল প্রবেশদ্বার বন্ধ করে বিক্ষোভ দেখায়। পুলিশের অভিযোগ, প্রায় এক থেকে দেড় ঘণ্টা থানার গেট তালাবন্ধ থাকায় পুলিশকর্মী ও সাধারণ মানুষের যাতায়াতে বাধা তৈরি হয়। বিক্ষোভকারীদের বিরুদ্ধে হুমকি ও অশালীন ভাষা ব্যবহারের অভিযোগও ওঠে।ঘটনার ভিডিয়ো সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি আরও আলোচনায় আসে।
থানার গেট বন্ধ করে বিক্ষোভের ঘটনায় পুলিশ আধিকারিক প্রণজিৎ পালের অভিযোগের ভিত্তিতে FIR দায়ের করে। সেখানে সুদীপ রাম, দিলীপ রাম-সহ একাধিক ব্যক্তির নাম রয়েছে বলে জানা যায়। BNS-এর ১৮৯(১), ১৮৯(২), ১৯০, ২২১, ২২৪ এবং ৩৫২ ধারায় মামলা করা হয়। অন্যদিকে, খুঁটি উপড়ে ফেলার ঘটনাতেও পৃথক FIR দায়ের হয়। হিন্দু সেবা দলের সদস্য অজয় শ-এর অভিযোগের ভিত্তিতে ওই মামলা করা হয়েছে বলে জানা যায়।
ঘটনার প্রায় দু’সপ্তাহ পর এবার সুদীপ রামের বিরুদ্ধে সাংগঠনিক পদক্ষেপ নিলো রাজ্য বিজেপি। দলের শৃঙ্খলারক্ষা কমিটি তাঁকে সাসপেন্ড (BJP leader Suspended) করেছে বলে জানা গিয়েছে। দলের অভিযোগ, দলবিরোধী একাধিক কার্যকলাপের ভিত্তিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।


