23 C
Kolkata
Saturday, November 21, 2026
spot_img

বহিষ্কারের ‘শাস্তি’ কমাতে ডিজিটাল ডিগ্রি? প্রেসিডেন্সির সিদ্ধান্ত মানতে নারাজ ছাত্রী!

Aaj India Desk, কলকাতা : প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের (Presidency University Expulsion) সিদ্ধান্ত ঘিরে বিতর্কে নতুন মোড়। ডিজিটাল মাধ্যমে পড়াশোনা করে ডিগ্রি সম্পূর্ণ করার প্রস্তাব দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কিন্তু সেই প্রস্তাবে রাজি নন বহিষ্কৃত বর্তমান ছাত্রী। বরং বহিষ্কারের নির্দেশ প্রত্যাহারের দাবিতে অনড় থেকে সাত দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।

কী প্রস্তাব বিশ্ববিদ্যালয়ের?

গত ১৮ নভেম্বর উপাচার্য নির্মাল্যনারায়ণ চক্রবর্তী ওই ছাত্রীকে চিঠি দিয়ে বিশেষ সাপ্লিমেন্টারি পরীক্ষায় বসার সুযোগ দেওয়ার কথা জানান। তাঁর শিক্ষাগত রেকর্ড এবং পূর্ববর্তী কৃতিত্ব বিবেচনা করেই এই প্রস্তাব। পাশাপাশি, বিভাগীয় পড়াশোনা এবং প্রয়োজনীয় অ্যাকাডেমিক সহায়তার জন্য দূরশিক্ষা ও ডিজিটাল ব্যবস্থার কথা বলা হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসে সশরীরে প্রবেশের নিষেধাজ্ঞা বহাল থাকছে।

কেন প্রস্তাব মানতে নারাজ ছাত্রী?

ছাত্রীর অভিযোগ, ৬ নভেম্বরের বহিষ্কারের (Presidency University Expulsion) নির্দেশ এখনও প্রত্যাহার করা হয়নি। কেন তাঁকে বহিষ্কার করা হল, কোন বিধি ভাঙার অভিযোগ উঠেছে এবং তদন্ত কমিটি কী সুপারিশ করেছে, সে সম্পর্কেও বিস্তারিত জানানো হয়নি। তাঁর আশঙ্কা, বিশেষ পরীক্ষায় ডিগ্রি শেষ করলেও শিক্ষাগত নথিতে বহিষ্কারের প্রভাব থেকে যেতে পারে। ভবিষ্যতে উচ্চশিক্ষা এবং চাকরির ক্ষেত্রেও তৈরি হতে পারে সমস্যা।

একই সিদ্ধান্তে দুই ছাত্রীর প্রশ্ন

ছাত্রীর বক্তব্য, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা শুধু পরীক্ষা দিয়ে ডিগ্রি পাওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়। ক্লাস, গ্রন্থাগার, সেমিনার এবং শিক্ষক-সহপাঠীদের সঙ্গে যোগাযোগও শিক্ষার গুরুত্বপূর্ণ অংশ। তাই ক্যাম্পাসে ফেরার অধিকার চান তিনি। অন্যদিকে, বহিষ্কৃত প্রাক্তনী অলিভিয়ার দাবি, দু’জনকে একই ভাষায় বহিষ্কারের চিঠি দেওয়া হয়েছিল। তাই তাঁদের ক্ষেত্রে আলাদা অবস্থান নেওয়া গ্রহণযোগ্য নয়। তিনিও আইনি পদক্ষেপ করবেন বলে জানিয়েছেন।

উল্লেখ্য, গত ১৪ অক্টোবর প্রেসিডেন্সির কলেজ স্ট্রিট ক্যাম্পাসে এবিভিপির একটি পোস্টারে আপত্তিকর শব্দ লেখার অভিযোগ ওঠে। পোস্টারে স্বামী বিবেকানন্দের ছবিও ছিল। ঘটনার তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয়। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ৬ নভেম্বর দুই ছাত্রীকে বহিষ্কারের (Presidency University Expulsion) সিদ্ধান্ত নেওয়া হয়। অলিভিয়ার দাবি, রাজনৈতিক সংগঠনের পোস্টারের প্রতিবাদ জানাতেই তিনি ওই শব্দ লিখেছিলেন, স্বামী বিবেকানন্দকে উদ্দেশ্য করে নয়। অন্যদিকে, গায়ত্রী অভিযোগ অস্বীকার করে জানিয়েছিলেন, তিনি কিছু লেখেননি। এখন দেখার, সাত দিনের সময়সীমার মধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কী অবস্থান নেয়।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন