Aaj India Desk, কলকাতা: পশ্চিমবঙ্গে আনুষ্ঠানিকভাবে শুরু হল কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী সূর্য ঘর কর্মসূচি (PM Surya Ghar)। মঙ্গলবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) জানান, প্রথম ধাপে রাজ্যের ১,৮১০টি পরিবারে রুফটপ সোলার ব্যবস্থা চালু করা হয়েছে। কেন্দ্রীয় ভর্তুকির পাশাপাশি রাজ্য সরকারও অতিরিক্ত আর্থিক সাহায্য দেবে বলে ঘোষণা করেন তিনি।
মুখ্যমন্ত্রী বলেন, এই প্রকল্প দেশের বিভিন্ন রাজ্যে আগেই চালু হয়েছে এবং মহারাষ্ট্রে সবচেয়ে বেশি পরিবার এর সুবিধা পাচ্ছে। পশ্চিমবঙ্গও দ্রুত এই প্রকল্পের পরিধি বাড়াতে চায়। সেই লক্ষ্যেই কেন্দ্রের অনুদানের সঙ্গে রাজ্য সরকারের অতিরিক্তভর্তুকির ব্যবস্থা করা হয়েছে। প্রকল্পে আবেদন করতে হলে pmsuryaghar.gov.in ওয়েবসাইটে যেতে হবে। সেখানে “Consumer Link” থেকে “Apply Now” অপশনে ক্লিক করলে আবেদনপত্র খুলবে। নিজের মোবাইল নম্বর দিয়ে OTP যাচাই করে আবেদন সম্পূর্ণ করতে হবে।
ভর্তুকির পরিমাণও স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, ১০০ ইউনিটের সৌর প্রকল্পে কেন্দ্র দেবে ৩০ হাজার টাকা ভর্তুকি, আর রাজ্য সরকার অতিরিক্ত ৫ হাজার টাকা সহায়তা করবে। ২০০ ইউনিটের ক্ষেত্রে কেন্দ্রের ৬০ হাজার টাকার সঙ্গে রাজ্য দেবে আরও ১০ হাজার টাকা। আর ৩০০ ইউনিটের জন্য কেন্দ্রের ৭৮ হাজার টাকার ভর্তুকির পাশাপাশি রাজ্য সরকার দেবে অতিরিক্ত ১৫ হাজার টাকা।অতিরিক্ত ১৫ হাজার টাকা।
তফসিলি জাতি (SC) ও তফসিলি উপজাতি (ST) পরিবারের জন্য বিশেষ সুবিধার কথাও জানান তিনি। এই শ্রেণির পরিবারগুলি রাজ্য সরকারের কাছ থেকে আরও ১৫ হাজার টাকা অতিরিক্ত সহায়তা পাবে। এছাড়াও, এসসি-এসটি ছাড়া আর্থিকভাবে দুর্বল অন্যান্য পরিবারকেও আলাদা সহায়তা দেওয়ার বিষয়টি বিবেচনা করছে রাজ্য সরকার। মুখ্যসচিব ও অর্থসচিব এই প্রস্তাব নিয়ে কাজ করছেন এবং শীঘ্রই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান মুখ্যমন্ত্রী।
প্রথম পর্যায়ে এই প্রকল্পে সবচেয়ে বেশি পরিবার অন্তর্ভুক্ত হয়েছে উত্তর ২৪ পরগণায়, যেখানে ২৩৮টি পরিবার সুবিধা পেয়েছে। তার পরেই রয়েছে হুগলি, যেখানে ২৩২টি পরিবার প্রকল্পের আওতায় এসেছে।মুখ্যমন্ত্রী বলেন, বিধানসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর জনসভাগুলিতে এই প্রকল্পের কথা বলেছিলেন। এবার পশ্চিমবঙ্গেও সেই প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হল।
রাজ্যের ভবিষ্যৎ লক্ষ্য নিয়েও বড় ঘোষণা করেন শুভেন্দু অধিকারী। তিনি জানান, ২০২৭ সালের ৩১ মার্চের মধ্যে কেন্দ্র পশ্চিমবঙ্গের জন্য ১ লক্ষ পরিবারের লক্ষ্য নির্ধারণ করেছে। তবে রাজ্য সরকার সেই সংখ্যাকে বাড়িয়ে ৫ লক্ষ পরিবারে পৌঁছে দিতে চায়। ভবিষ্যতে শুধু সাধারণ বাড়ি নয়, সরকারি অফিসগুলিতেও এই প্রকল্পের মাধ্যমে সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালু করার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি। এর ফলে নবীকরণযোগ্য শক্তির ব্যবহার বাড়বে এবং বিদ্যুৎ সাশ্রয়ও সম্ভব হবে।


