29.5 C
Kolkata
Thursday, October 22, 2026
spot_img

পুজোর মরশুমে নাশকতার ছক? দত্তপুকুরে বিস্ফোরক বোঝাই গাড়ি বাজেয়াপ্ত, গ্রেপ্তার মালিক

Aaj India Desk, উত্তর ২৪ পরগনা: উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে (Duttapukur) যশোহর রোডের পাশে দাঁড়িয়ে থাকা একটি সাদা গাড়ি থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক (Explosive) উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। গাড়ির মালিক রাকিবুল ইসলামকে গ্রেপ্তার (Arrest) করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, গোপন তথ্যের ভিত্তিতে বেঙ্গল STF গাড়িটিতে তল্লাশি চালায়। সেই সময় গাড়ির ভিতর থেকে প্রায় তিন কেজি বিস্ফোরক এবং প্রায় ১০ কেজি স্প্লিন্টার তৈরিতে ব্যবহৃত অ্যামোনিয়াসহ একাধিক সন্দেহজনক সামগ্রী উদ্ধার হয় বলে জানা গিয়েছে। তল্লাশির সময় গাড়িতে কেউ ছিলেন না।

ঘটনার পর পুলিশ গোটা এলাকা ঘিরে ফেলে। নিরাপত্তার কারণে যশোহর রোডের আশপাশের কয়েকটি রাস্তা বন্ধ করে দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বম্ব স্কোয়াড, STF, NIA এবং NSG-এর আধিকারিকরা। পরে তল্লাশি চালিয়ে রাতেই দত্তপুকুর থেকে গাড়ির মালিককে গ্রেপ্তার করা হয়।

তদন্তকারীদের দাবি, রাকিবুল আগে মেকানিকের কাজ করতেন। প্রায় দশ বছর আগে তিনি মোটরবাইকের ব্যবসা শুরু করেন। বর্তমানে দত্তপুকুরের তেঁতুলতলা, বিড়া এবং দেগঙ্গার বেড়াচাঁপা-সহ বিভিন্ন এলাকায় তাঁর চারটি মোটরবাইকের শোরুম রয়েছে বলে জানা গিয়েছে। কয়েক বছর আগে আমডাঙায় একটি মোটরবাইকের শোরুমে বিস্ফোরণের ঘটনাতেও তাঁর নাম উঠে এসেছে বলে তদন্তকারীদের দাবি।

তদন্তে আরও জানা গিয়েছে, যশোহর রোডের কাছেই ভারত-বাংলাদেশ সীমান্ত এবং রাকিবুলের বাংলাদেশে যাতায়াত ছিল বলে দাবি করেছেন তদন্তকারীরা। প্রাথমিক তদন্তে অনুমান, উদ্ধার হওয়া বিস্ফোরক নিয়ে গাড়িটির কলকাতার দিকে যাওয়ার কথা ছিল।

তবে বিস্ফোরকগুলি কোথা থেকে আনা হয়েছিল, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এবং এর পিছনে অন্য কারও যোগ রয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়। ধৃতকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাতে পারে তদন্তকারী সংস্থা। বারাসতের পুলিশ সুপার এম মার্সি জানিয়েছেন, ঘটনার তদন্ত চলছে। গাড়ি থেকে উদ্ধার হওয়া সামগ্রীর প্রকৃত ধরন জানতে সেগুলি পরীক্ষা করা হচ্ছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন