Aaj India desk, মালদহ: পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে বিজেপি (BJP) কর্মীরা বারবার আক্রান্ত হতেন। অভিযোগ থাকতো তৃণমূলের দিকে। যদিও ভোটের পরে চিত্রটা পাল্টে গেছিল। কিন্তু এবার ফের সেই একই অভিযোগ। মালদহে নিজের বাড়িতেই খুন হলেন বিজেপি কর্মী। ঘটনাটা ঘটে গতকাল রাতে। দশমীর ভাসানের পর। নিহতের নাম সমীর ঘোষ (২৭)। তাঁর পরিবারের দাবি অনুযায়ী, তিনি এলাকার একজন সক্রিয় বিজেপি কর্মী ছিলেন। হামলার খবর জানাজানি হতেই এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।
কিভাবে ঘটলো ঘটনাটা?
দুর্গাপুজোর ভাসানের পর নিহত বিজেপি(BJP)কর্মী সমীর বাড়িতে একাই ছিলেন। হঠাৎ ১০ ১৫ জনের একটি দল বাড়িতে ঢুকে পড়ে। এরা প্রত্যেকেই সশস্ত্র ছিল। ঘরে ঢুকেই দুষ্কৃতীরা সমীর ঘোষের ওপর ঝাঁপিয়ে পড়ে। তাঁর মাথা ও শরীরের বিভিন্ন অংশে হাঁসুয়া ও অন্যান্য ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপানো শুরু হয়। ধারালো অস্ত্রের আঘাতে সমীর রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। এরপর মৃত্যু নিশ্চিত করতে দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে একেবারে কাছ থেকে দুই রাউন্ড গুলি চালায়। ঘটনাস্থরেই তাঁর মৃত্যু হয়। ঘটনার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে। এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়।
তৃণমূলের দিকে অভিযোগ কেন?
নিহতের ভাই বিবেক ঘোষের দাবি, রাজনৈতিক শত্রুতার কারণে দীর্ঘদিন ধরেই সমীর ঘোষকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছিল। আতঙ্কে তিনি সাধারণত বাড়ি থেকে বের হতেন না। বিজেপি (BJP) করার জন্যই তার প্রতি এই শত্রুতা। এই হুমকি দিচ্ছিল মমতা পন্থী তৃণমূলের নেতা শত্রু ঘোষ এবং রঞ্জন ঘোষ ও তাদের দলবল। তবে তৃণমূলের তরফ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। পাল্টা তাদের দাবি সমীরের মৃত্যুর পর এলাকায় উত্তেজনা ছড়ায়। সেখানে মুখোমুখি সংঘর্ষে তৃণমূলের কয়েকজন আহত হয়েছেন। প্রাথমিক তদন্তের পর পুলিশ ইতিমধ্যে একজনকে আটক করেছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


