Aaj India Desk, কলকাতা: রাজ্যে সরকার বদলের পর একের পর এক দুর্নীতি, তোলাবাজি ও বিভিন্ন অভিযোগে বহুজনকে গ্রেফতার (Arrest) করা হচ্ছে। তবে গ্রেফতারের পর অভিযুক্তদের কোমরে দড়ি বেঁধে রাস্তায় নিয়ে যাওয়ার একাধিক ছবি সামনে আসায় তা নিয়ে বিতর্কও তৈরি হয়েছে। এমনই একটি ঘটনা নিয়ে শুক্রবার গুরুত্বপূর্ণ মন্তব্য করল কলকাতা হাইকোর্ট (Kolkata High Court)।
ফলতার পরাজিত তৃণমূল (TMC) প্রার্থী জাহাঙ্গির খান (Jahangir Khan)-কে গ্রেফতারের পর কোমরে দড়ি বেঁধে নিয়ে যাওয়ার একটি ছবি প্রকাশ্যে আসে। এই ঘটনাকে কেন্দ্র করে তাঁর স্ত্রী রেজিনা বিবি কলকাতা হাইকোর্টে মামলা করেন। তিনি জানতে চান, জাহাঙ্গির খানের বিরুদ্ধে ঠিক কতগুলি মামলা রয়েছে। পাশাপাশি অভিযোগ করেন, পুলিশ তাঁকে কোমরে দড়ি বেঁধে প্রকাশ্যে নিয়ে গিয়ে অপমান করেছে।
মামলার শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট জানিয়ে দেন, কোনও অভিযুক্তের কোমরে দড়ি বেঁধে জনসমক্ষে ঘোরানো আইনসম্মত নয়। আদালতের মতে, কোনও ব্যক্তি অভিযুক্ত হলেই তাঁর মানবাধিকার খর্ব করা যায় না। আইন মেনেই সব পদক্ষেপ করতে হবে।
এদিকে রাজ্যের আইনজীবী আদালতে জানান, অভিযুক্তকে কোমরে দড়ি বেঁধে নিয়ে যাওয়ার বিষয়টি তাঁর জানা নেই। তিনি বলেন, বর্তমান সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে অনেক ছবি বা ভিডিও তৈরি করা সম্ভব। তাই পুলিশের কাছ থেকে রিপোর্ট পাওয়ার পরই এই বিষয়ে রাজ্যের অবস্থান স্পষ্ট করা হবে।
এর পর বিচারপতি নির্দেশ দেন, জাহাঙ্গির খানের মানবাধিকার যাতে কোনওভাবেই লঙ্ঘিত না হয়, তা নিশ্চিত করতে হবে। মামলার পরবর্তী শুনানি হবে আগামী ১ জুলাই। অন্যদিকে, এই ঘটনায় প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষও। তাঁর বক্তব্য, কেউ অপরাধ করে থাকলে দেশের আইন অনুযায়ী তদন্ত ও বিচার হোক। কিন্তু আইন নিজের হাতে তুলে নিয়ে কাউকে অপমান করা, মারধর করা বা কোমরে দড়ি বেঁধে প্রকাশ্যে ঘোরানো কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। তাঁর দাবি, এ ধরনের ঘটনা রাজনৈতিক প্রতিহিংসা ও শক্তি প্রদর্শনেরই পরিচয় দেয়, যার সঙ্গে প্রকৃত বিচারপ্রক্রিয়ার কোনও সম্পর্ক নেই।


