Aaj India Desk, কলকাতা: তারাতলায় শেড ভেঙে (Taratola Shed Collapsed) পড়ার ঘটনার পর রাজ্যের নির্মাণ ব্যবস্থা নিয়ে আরও কঠোর অবস্থান নিল সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) আগেই রাজ্যে চলা একাধিক নির্মাণকাজ সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন, প্রয়োজনীয় অডিট (Audit) শেষ না হওয়া পর্যন্ত কোনও নির্মীয়মাণ প্রকল্পে কাজ শুরু করা যাবে না।
এবার সেই অডিটের তালিকায় নতুন করে যুক্ত হয়েছে দক্ষিণ দমদম, বরানগর এবং কামারহাটি পুরসভা। বেআইনি নির্মাণের বিরুদ্ধে সরকার শুরু থেকেই কঠোর অবস্থান নিয়েছে। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বাড়ির নকশা বা নির্মাণ অনুমোদনে কোনও ধরনের দুর্নীতির অভিযোগ থাকলে সরাসরি এফআইআর দায়ের করতে হবে। সরকার দ্রুত ব্যবস্থা নেবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।
সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, তারাতলায় উদ্ধারকাজ এখনও চলছে। উদ্ধার অভিযানের নেতৃত্ব দিচ্ছে এনডিআরএফ, পাশাপাশি অন্যান্য সংস্থাও সহযোগিতা করছে। তাঁর কথায়, আবহাওয়া অনুকূলে থাকলে শুক্রবার রাতের মধ্যেই উদ্ধার অভিযান শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে।
নির্মাণ সংক্রান্ত অডিট কীভাবে হবে, তাও বিস্তারিত জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর মতে, অডিটের ভিত্তিতে তিন ধরনের সিদ্ধান্ত নেওয়া হবে-কিছু নির্মাণ পুরোপুরি বাতিল করা হতে পারে, কিছু ক্ষেত্রে প্রয়োজনীয় সংশোধনের সুযোগ দেওয়া হবে, আর নিয়ম মেনে তৈরি হওয়া প্রকল্পকে ছাড়পত্র দেওয়া হবে।
তিনি জানান, নির্দিষ্ট কিছু এলাকার বাণিজ্যিক ভবনের অডিট ৩১ জুলাই পর্যন্ত চলবে। সাধারণ আবাসিক বাড়ির ছোটখাটো সংস্কারের কাজ এই নিয়মের বাইরে থাকবে। তবে যেসব বহুতল বা বড় প্রকল্প এখনও নির্মীয়মাণ, সেগুলির জন্য বিশেষ অডিট টিম গঠন করা হয়েছে। অডিটে অনুমোদন মিললেই কেবল নির্মাণকাজ আবার শুরু করা যাবে। পাশাপাশি আগামী তিন মাসের মধ্যে সব বহুতল ভবনের ফায়ার অডিট সম্পূর্ণ করার নির্দেশও দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী আরও বলেন, বিল্ডিংয়ের নকশায় ত্রুটি থাকলে তা সংশোধন করতে হবে। কিন্তু গুরুতর অনিয়ম ধরা পড়লে সেই নির্মাণের অনুমোদন বাতিলও করা হতে পারে।
তারাতলার ঘটনার প্রসঙ্গ টেনে শুভেন্দু অধিকারীর দাবি, সেখানে যথাযথ নজরদারির অভাব ছিল। তিনি সতর্ক করে বলেন, ভবিষ্যতে কোনও নির্মাতা বা সংস্থা নিয়ম ভাঙলে তাদের ব্ল্যাকলিস্ট করা হবে। পুরসভার কোনও কর্মী দুর্নীতিতে জড়িত থাকলেও তাঁর বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এদিন তিনি আগের সরকারের বিরুদ্ধেও তোপ দাগেন। তাঁর অভিযোগ, দীর্ঘদিন ধরেও বিপর্যয় মোকাবিলার জন্য প্রয়োজনীয় আধুনিক যন্ত্রপাতি কেনা হয়নি, যা অত্যন্ত দুঃখজনক। তবে আগামী দু’মাসের মধ্যে রাজ্যের বিপর্যয় মোকাবিলা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে প্রয়োজনীয় সমস্ত সরঞ্জাম কেনা হবে বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।


