Aaj India Desk, কলকাতা : সম্প্রতি ক্যামাক স্ট্রিট ঘটনার জেরে উত্তপ্ত ছিল রাজ্যের রাজনীতি। এবার সেই মামলার তদন্তের আঁচ গিয়ে পৌঁছল একেবারে কালীঘাটে। বুধবার সন্ধ্যায় আচমকাই তৃণমুল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়ির সামনে হাতে নোটিস নিয়ে হাজির শেক্সপিয়র থানার পুলিশ। কিন্তু কেন এই নোটিস? মামলার তদন্তে কি নতুন কোনও মোড়? আর পুলিশ যখন বাড়িতে পৌঁছল, তখন সেখানে ছিলেন কি অভিষেক বন্দ্যোপাধ্যায়? এই প্রশ্নগুলিই এখন ঘিরে বাড়ছে রাজনৈতিক জল্পনা।
ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) দপ্তরের সামনে গোলমালকে কেন্দ্র করে পুলিশ ও কলকাতা পুরসভার কর্মীদের মারধরের অভিযোগ ওঠে। সেই অভিযোগের ভিত্তিতেই মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্তের অংশ হিসাবেই এদিন অভিষেকের কালীঘাটের বাড়িতে যায় শেক্সপিয়র থানার পুলিশ।পুলিশের তরফে বাড়িতে একটি নোটিস দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। তবে সেই নোটিসে ঠিক কী নির্দেশ বা তথ্য চাওয়া হয়েছে, তা এখনও বিস্তারিতভাবে প্রকাশ্যে আসেনি। ক্যামাক স্ট্রিটের এই মামলার চার্জশিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও’ব্রায়েন এবং হুমায়ুন কবীরের নাম রয়েছে।
এর আগেও অবশ্য কালীঘাটের বাড়িতে নোটিস পৌঁছেছিল। আগস্টের শেষ দিকে পুলিশ সেখানেই তাঁকে সেপ্টেম্বর ১ তারিখ থানায় হাজির হওয়ার নির্দেশ দিয়ে সমন দিয়েছিল। তদন্তের স্বার্থে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) শেক্সপিয়র সরণি থানায় হাজির হন। প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদও করা হয়। তদন্তকারীরা দফতরের দখল, লিজ সংক্রান্ত নথি এবং ভবনের কাঠামোগত পরিবর্তন-সহ বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করেন। এবার সেই ক্যামাক স্ট্রিটের ধস্তাধস্তির মামলাতেই অভিষেকের বাড়িতে পুলিশের নোটিস পৌঁছনোয় নতুন করে নজর পড়েছে তদন্তের দিকে। কালীঘাটের বাড়িতে দেওয়া নোটিসে কী বলা হয়েছে, অভিষেককে ফের তদন্তে ডাকা হবে কি না এবং ক্যামাক স্ট্রিটের এই মামলায় পুলিশের পরবর্তী পদক্ষেপ কী সেটাই এখন দেখার।


