Aaj India Desk, কলকাতা: কলকাতায় টানা তিন দিন অবস্থান-ধর্না করার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) দ্বারস্থ হয়েছিল জমিয়তে উলামায়ে হিন্দ (Jamiat Ulama-e-Hind)। সংগঠনের রাজ্য সভাপতি এবং রাজ্যের প্রাক্তন গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী (Siddiqullah Chowdhury) আগামী ৬, ৭ এবং ৮ সেপ্টেম্বর এই কর্মসূচি করার অনুমতি চেয়েছিলেন। তবে বুধবার মামলার শুনানিতে আদালত জানায়, কলকাতার মতো ব্যস্ত শহরে পরপর তিন দিন এমন কর্মসূচি চালানোর অনুমতি দেওয়া কঠিন। বরং কর্মসূচির সময়সীমা কমিয়ে এক দিনের মধ্যে তা শেষ করার পরামর্শ দিয়েছে আদালত।
জানা গিয়েছে, ৬ থেকে ৮ সেপ্টেম্বর অবস্থান-ধর্না করার জন্য গত ৩১ অগস্ট পুলিশের কাছে লিখিত আবেদন জানিয়েছিল জমিয়তে উলামায়ে হিন্দ। কিন্তু শহরের যান চলাচল এবং সাধারণ মানুষের অসুবিধার কথা মাথায় রেখে পুলিশ সেই অনুমতি দেয়নি। এরপর পুলিশের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করে সংগঠনটি।
বুধবার মামলাটি বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে ওঠে। সংগঠনের হয়ে আদালতে সওয়াল করেন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। তিনি জানান, আগে থেকেই ঠিক করা কর্মসূচি অনুযায়ী ৬, ৭ ও ৮ সেপ্টেম্বর শান্তিপূর্ণভাবে ধর্না করতে চায় সংগঠন।
তবে আদালতের পর্যবেক্ষণ, কলকাতার মতো ব্যস্ত এলাকায় টানা তিন দিন রাস্তা দখল করে বা বড় জমায়েত করে কোনও কর্মসূচি চললে যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনেও সমস্যা তৈরি হতে পারে। সেই কারণে তিন দিনের কর্মসূচির অনুমতি দেওয়া সম্ভব নয় বলে জানায় আদালত। পরিবর্তে এক দিনের মধ্যে পুরো কর্মসূচি শেষ করার পরামর্শ দেওয়া হয়।
এখন আদালতের এই পরামর্শ মেনে কর্মসূচির দিন ও পরিকল্পনায় কোনও পরিবর্তন করা হয় কি না, সেটাই দেখার। বিষয়টি নিয়ে আগামী সোমবার ফের শুনানি হতে পারে। সেদিন কর্মসূচির নতুন দিনক্ষণ এবং বিকল্প পরিকল্পনা নিয়ে আদালত চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারে।


