Aaj India Desk, কলকাতা: কলকাতায় পণ্যবাহী ট্রাক প্রবেশের ক্ষেত্রে ‘কলকাতা পারমিট’-এর নামে ২৫০০ টাকা নেওয়ার অভিযোগ তুলে বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হল তৃণমূল। দলের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেজে প্রকাশিত একটি ভিডিওতে এক ব্যক্তি দাবি করেছেন, ২৫০০ টাকা দিলে কলকাতায় ট্রাক ঢোকার ক্ষেত্রে ‘ছাড়’ মিলছে। তাঁর আরও অভিযোগ, ট্রাকের ‘অল ইন্ডিয়া পারমিট’ থাকা সত্ত্বেও আলাদা ‘কলকাতা পারমিট’-এর কথা বলা হচ্ছে। (Truck Permit)
ঠিক কী অভিযোগ ট্রাক চালকের?
ভিডিওতে এক ট্রাক চালককে একটি ছোট চৌকো কাগজ দেখিয়ে বলতে শোনা যায়, “এই কাগজটার দাম ২৫০০ টাকা।” তাঁর দাবি, ওই কাগজে কয়েকজন আধিকারিকের ফোন নম্বর দেওয়া রয়েছে এবং তাঁকে বলা হয়েছে, ২৫০০ টাকা দিলে তবেই কলকাতায় ট্রাক নিয়ে প্রবেশ করা যাবে। অভিযোগকারী আরও দাবি করেন, তাঁর কাছে ‘অল ইন্ডিয়া পারমিট’ থাকার কথা জানানো হলেও সেটি যথেষ্ট নয় বলে জানানো হয়। কলকাতায় ঢুকতে হলে আলাদা ‘কলকাতা পারমিট’ প্রয়োজন বলেও তাঁকে জানানো হয়েছে বলে দাবি করেন তিনি। (Truck Permit)
‘নো এন্ট্রিতেও টাকা দিলে ছাড়?’
ভিডিওতে ওই ব্যক্তির আরও অভিযোগ, কলকাতায় কোনও এলাকায় ‘নো এন্ট্রি’ থাকলেও ওই পারমিট থাকলে ও টাকা দেওয়ার বিনিময়ে ট্রাক ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা হবে বলে জানানো হয়েছে। তাঁর দাবি, ওই ‘পারমিট’-এ থাকা নম্বরে ফোন করলেই ট্রাককে ছেড়ে দেওয়া হবে। এই বিষয়ে আপত্তি জানাতে তাঁর এক চালকের সঙ্গে সেই অফিসাররা দুর্ব্যবহার করেন বলেও অভিযোগ তোলেন তিনি। ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, তাঁর চালকের সঙ্গে মা-বোন তুলে কটু ভাষায় কথা বলা হয়েছে। (Truck Permit)
সরাসরি শুভেন্দুকে প্রশ্ন
ভিডিওর শেষ দিকে সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিশানা করেন ওই ব্যক্তি। তাঁর কথায়, “আপনি বলছেন তোলাবাজি বন্ধ করবেন, কীভাবে বন্ধ করবেন? এইভাবে তোলাবাজি বন্ধ হবে ২৫০০ টাকা করে নিয়ে? আপনার বড়ো বড়ো অফিসাররা এতে যুক্ত, আপনি কিছু বুঝতে পারছেন না।”
এই বিষয়টি তুলে ধরে তৃণমূলের অফিসিয়াল পেজ থেকেও অভিযোগ করা হয়েছে, রাজ্যে নতুন ধরনের ‘তোলাবাজি ব্যবস্থা’ চালু হয়েছে, যার নাম দেওয়া হয়েছে ‘কলকাতা পারমিট’। দলের দাবি, ২৫০০ টাকা দিলে ট্রাককে কলকাতায় যে কোনও সময় প্রবেশের সুযোগ দেওয়া হচ্ছে এবং না দিলে সমস্যার মুখে পড়তে হচ্ছে। তৃণমূলের পোস্টে এই অভিযোগের ভিত্তিতে বিজেপি সরকারকে তীব্র আক্রমণ করা হয়েছে। যদিও রাজ্য সরকারের তরফে এখনও এই বিষয়ে কিছু জানানো হয়নি।


