22 C
Kolkata
Thursday, November 19, 2026
spot_img

চতুর্থ শ্রেণী পেরোলেই আর স্কুল বদল নয়? ৩১৯৯টি প্রাথমিক স্কুলে পঞ্চম শ্রেণি চালুর পথে রাজ্য!

কলকাতা: চতুর্থ শ্রেণির পর স্কুল বদলের ঝক্কি কি এবার অনেকটাই কমতে চলেছে? প্রাথমিক স্কুলেই (Primary school) মিলবে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ার সুযোগ! রাজ্যের কয়েক হাজার পড়ুয়ার জন্য বড় সুখবর। ২০২৭ শিক্ষাবর্ষ থেকেই আরও ৩ হাজার ১৯৯টি প্রাথমিক বিদ্যালয়ে চালু হতে চলেছে ক্লাস ফাইভ। বুধবার স্কুল শিক্ষা দফতরের প্রাথমিক শিক্ষা বিভাগের জারি করা বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। শিক্ষার অধিকার আইন, ২০০৯ মেনে প্রাথমিক স্তরে পঞ্চম শ্রেণি অন্তর্ভুক্তির প্রক্রিয়ায় আরও এক ধাপ এগোল রাজ্য।

কিন্তু কোন কোন জেলায় কতগুলি স্কুলে চালু হবে এই নতুন ব্যবস্থা?

প্রকাশিত তালিকা অনুযায়ী, সবচেয়ে বেশি স্কুল রয়েছে উত্তর দিনাজপুরে। সেখানে ৪৮০টি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণি চালু হবে। উত্তর ২৪ পরগনায় ৩৭৮টি, মালদহে ৩৭৩টি এবং হুগলিতে ২১১টি স্কুল এই তালিকায় রয়েছে। এছাড়াও মুর্শিদাবাদে ১৬৬টি, পূর্ব বর্ধমানে ১৬৩টি, পশ্চিম মেদিনীপুরে ১৫৪টি এবং দক্ষিণ ২৪ পরগনায় ১৪৯টি স্কুলে শুরু হবে পঞ্চম শ্রেণির (Primary school) পঠনপাঠন। কলকাতার ২৭টি স্কুলও রয়েছে এই তালিকায়।

এই সিদ্ধান্ত কার্যকর করতে সংশ্লিষ্ট জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদগুলিকে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দিয়েছে স্কুল শিক্ষা দফতর। কলকাতা ও শিলিগুড়ি প্রাথমিক বিদ্যালয় (Primary school) সংসদকেও ব্যবস্থা নিতে বলা হয়েছে।

তবে সরকারের এই সিদ্ধান্ত ঘিরে যেমন আশার আলো, তেমনই উঠছে একাধিক প্রশ্ন। কারণ, শুধু নতুন শ্রেণি চালু করলেই তো হবে না, প্রয়োজন পর্যাপ্ত শিক্ষক, শ্রেণিকক্ষ এবং উপযুক্ত পরিকাঠামো। শিক্ষকদের একাংশের অভিযোগ, রাজ্যে এখনও বহু প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সঙ্কট রয়েছে। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের রিপোর্টের উল্লেখ করে দাবি করা হচ্ছে, রাজ্যের প্রায় ৬ হাজার ৭৬৯টি প্রাথমিক স্কুল (Primary school) মাত্র একজন শিক্ষক দিয়ে চলছে।

বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডলের বক্তব্য, এই গতিতে পঞ্চম শ্রেণি চালু করতে থাকলে রাজ্যের সমস্ত প্রাথমিক স্কুলকে (Primary school) এই ব্যবস্থার আওতায় আনতে প্রায় ২০ বছর লেগে যেতে পারে। তাঁর মতে, আগামী দু’বছরের মধ্যে সব স্কুলে পঞ্চম শ্রেণি চালুর জন্য বিশেষ উদ্যোগ প্রয়োজন।

অর্থাৎ, ২০২৭ থেকে ৩১৯৯টি স্কুলে নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে ঠিকই, কিন্তু প্রশ্ন একটাই, পড়ুয়ার সংখ্যা বাড়লে বাড়বে কি শিক্ষক ও পরিকাঠামোও? নাকি নতুন শ্রেণি চালুর ঘোষণার পরেও থেকে যাবে পুরনো সমস্যা?

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন