Aaj India Desk,নয়াদিল্লি: বাংলাদেশ, পাকিস্তান বা আফগানিস্তানের নাগরিকদের ভারতীয় নাগরিকত্ব(Indian Citizenship) পাওয়া নিয়ে এবার কড়া অবস্থান নিল কেন্দ্র সরকার (Central Government)। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক (Ministry of Home Affairs) সম্প্রতি নাগরিকত্ব আইন, ২০০৯ এ সংশোধন এনে নতুন নির্দেশিকা জারি করেছে। নতুন নিয়ম অনুযায়ী, এই তিন দেশের কোনও নাগরিক যদি ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করেন, তাহলে তাঁকে নিজের দেশের বৈধ পাসপোর্টের তথ্য জমা দিতে হবে।
এতদিন অনেক ক্ষেত্রেই আবেদনকারীদের পরিচয় ও নাগরিকত্ব সংক্রান্ত তথ্য যাচাই করতে অনেক সমস্যার মুখে পড়তে হত প্রশাসনকে। বিশেষ করে সীমান্তবর্তী এলাকা থেকে আসা আবেদনকারীদের নথি যাচাইয়ে নানা অসঙ্গতি সামনে আসছিল। সেই কারণেই এবার আরও স্বচ্ছ ও নির্ভুল তথ্য যাচাইয়ের লক্ষ্যে এই নতুন নিয়ম চালু করা হয়েছে বলে জানিয়েছে কেন্দ্র।
নতুন নির্দেশিকায় বলা হয়েছে, আবেদনকারীকে শুধু পাসপোর্ট নম্বর দিলেই হবে না, সেই পাসপোর্ট বর্তমানে বৈধ কিনা, সেটিও জানাতে হবে। পাশাপাশি একটি ঘোষণাপত্র জমা দিতে হবে, যেখানে নিজের দেশের নাগরিকত্ব ও পাসপোর্ট সংক্রান্ত সমস্ত তথ্য উল্লেখ থাকবে। এর ফলে ভুয়ো পরিচয় বা নথি ব্যবহার করে নাগরিকত্ব পাওয়ার সম্ভাবনা অনেকটাই কমবে বলে মনে করছে প্রশাসন।
নতুন এই নিয়ম কার্যকর হওয়ার পর থেকে নাগরিকত্বের আবেদনকারীদের নথি যাচাই আরও কড়া হবে বলেই মনে করা হচ্ছে। ফলে ভবিষ্যতে ভারতীয় নাগরিকত্বের আবেদন করতে গেলে এখন থেকে পাসপোর্ট সংক্রান্ত তথ্যই যে বেশি প্রাধান্য দেওয়া হবে বলেই বলে করা হচ্ছে।


