32.7 C
Kolkata
Saturday, July 25, 2026
spot_img

অভিষেক ও প্রাক্তন PA-র বিরুদ্ধে নতুন মামলা, কী অভিযোগ রিসর্ট মালিকের?

Aaj India Desk, কলকাতা: ডায়মন্ড হারবারে আয়োজিত বহুল আলোচিত ‘সেবাশ্রয়’ ও ‘সেবাশ্রয়-২’ স্বাস্থ্য শিবিরকে কেন্দ্র করে নতুন করে আইনি বিতর্কের সূত্রপাত হয়েছে। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও ডায়মন্ড হারবারের প্রাক্তণ সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ও তাঁর ব্যক্তিগত সহকারী সুমিত রায় এবং স্থানীয় বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী দিলীপ মণ্ডলের বিরুদ্ধে তোলাবাজি, দুর্নীতি দমন আইনের (Prevention of Corruption Act) প্রাসঙ্গিক ধারা-সহ একাধিক অভিযোগে বিষ্ণুপুর থানায় মামলা দায়ের হয়েছে।

অভিযোগকারী সমীরণ রায়, যিনি পৈলানের একটি বেসরকারি রিসর্টের প্রতিনিধি। তাঁর অভিযোগ, ২০২৫ ও ২০২৬ সালে আয়োজিত স্বাস্থ্য শিবির উপলক্ষে প্রায় ৪০ দিন ধরে রিসর্টের সমস্ত কক্ষ ব্যবহার করা হয়। সেই সময়ে প্রায় ১১০ থেকে ১২০ জন চিকিৎসক ও শিবির-সংশ্লিষ্ট কর্মীদের থাকার ব্যবস্থা, খাবার এবং অন্যান্য পরিষেবার সম্পূর্ণ ব্যয় রিসর্ট কর্তৃপক্ষকেই বহন করতে হয়। ফলে পর্যটনের ব্যস্ত মরশুমে কোনও ঘর ভাড়া দেওয়া সম্ভব না হওয়ায় বড়সড় আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে বলে দাবি করেছেন অভিযোগকারী।

অভিযোগে আরও বলা হয়েছে, তৎকালীন পরিস্থিতিতে সুমিত রায় ও দিলীপ মণ্ডলের প্রভাবের কারণে রিসর্ট কর্তৃপক্ষকে এই পরিষেবা দিতে বাধ্য করা হয়। পাশাপাশি ক্যাম্প পরিচালনার জন্য অতিরিক্ত অর্থও দিতে হয়েছে বলে দাবি করা হয়েছে। অভিযোগকারীর বক্তব্য, বকেয়া অর্থ দাবি করলে তাঁকে এবং রিসর্ট কর্তৃপক্ষকে হুমকি দেওয়া হয়। ব্যবসা চালিয়ে যেতে হলে এই ধরনের খরচ মেনে নিতেই হবে বলেও জানানো হয়েছিল বলে অভিযোগ।

সমীরণ রায়ের দাবি, রিসর্ট ভাড়ার বাবদ প্রায় ৩০ লক্ষ টাকা এখনও বকেয়া রয়েছে। পাশাপাশি হুমকি ও অন্যান্য কারণে মোট ২০ থেকে ২৫ লক্ষ টাকার আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে বলেও তিনি অভিযোগ করেছেন। অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় এতদিন ভয়ের কারণে তিনি প্রকাশ্যে মুখ খুলতে পারেননি বলেও দাবি করেছেন। পরবর্তীতে থানায় লিখিত অভিযোগ দায়েরের পর পুলিশ তোলাবাজি ও দুর্নীতি দমন আইনের একাধিক ধারায় মামলা রুজু করেছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন