Aaj India Desk, কলকাতা : আগেই বিধানসভায় বিরোধী দলের বিধায়কদের বসার ঘর নিয়ে তৈরি হয়েছিল জটিলতা। এবার সেই জট কাটাতে উদ্যোগী হলেন নতুন স্পিকার রথীন্দ্র বোস (Rathindra Bose)। মঙ্গলবার বিধানসভা ভবনে তিনি জানান, বিরোধী বিধায়কদের মর্যাদা ও সম্মান বজায় রেখেই ঘর বরাদ্দ করা হবে। অতীতে বিজেপি বিধায়কদের যে সমস্যার মুখে পড়তে হয়েছিল, বর্তমান বিরোধীদের ক্ষেত্রে তা যাতে না হয়, সেদিকেও নজর রাখা হবে বলে জানিয়েছেন তিনি।
বিরোধী বিধায়কদের ‘সম্মানজনক’ পরিকাঠামোর আশ্বাস
মঙ্গলবার বিধানসভা ভবনে কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে কবির প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করেন স্পিকার রথীন্দ্র বোস (Rathindra Bose)। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাপস রায় এবং বিধানসভার সচিব সমরেন্দ্রনাথ দাস।অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্পিকার বলেন, “বিরোধী দলে থাকাকালীন বিজেপির বিধায়কদের যে অসুবিধা হয়েছিল, বর্তমান বিরোধী দলের যেন সেই সমস্যা না হয়। ঘরগুলিকে পরিকাঠামোগতভাবে ভালো করে তৈরি করার চেষ্টা চলছে।”
নওশাদের জন্য থাকবে আলাদা ঘর ?
ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকিকে আলাদা ঘর দেওয়া হবে কি না, তা নিয়েও রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। এই প্রসঙ্গে স্পিকার (Rathindra Bose) জানান, নওশাদ সিদ্দিকি যদি আলাদা ঘরের জন্য আবেদন করেন, তবে তা বিবেচনা করে দেখা হবে।
উল্লেখ্য, আগামী ১৮ জুন থেকে শুরু হতে চলেছে বিধানসভার বাজেট অধিবেশন। সেই অধিবেশন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রস্তুতি শুরু করেছে বিধানসভা কর্তৃপক্ষ। স্পিকার জানিয়েছেন, অধিবেশন পরিচালনার সমস্ত দিক খতিয়ে দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। পাশাপাশি এই বছর বাজেট অধিবেশন ঘিরে আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন স্পিকার। তিনি জানান, বিধানসভার অধিবেশন কীভাবে সরাসরি সম্প্রচার করা যায়, তা নিয়ে ভাবনাচিন্তা চলছে। অর্থাৎ এবার লাইভ টেলিকাস্ট এর মাধ্যমে সরাসরি জনপ্রতিনিধিদের কাজ দেখতে পারবেন রাজ্যবাসীরা।
এক নজরে স্পিকারের আজকের সিদ্ধান্ত
- বিরোধী বিধায়কদের জন্য সম্মানজনক ও উন্নত পরিকাঠামো-সহ ঘর দেওয়ার আশ্বাস
- অতীতে বিজেপি বিধায়কদের যে সমস্যার মুখে পড়তে হয়েছিল, বর্তমান বিরোধীদের ক্ষেত্রে তা না হওয়ার প্রতিশ্রুতি
- বিধানসভার ঘরগুলিতে পরিকাঠামোগত সমস্যা দূর করার উদ্যোগ
- আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি আলাদা ঘর চাইলে আবেদন বিবেচনা
- আগামী ১৮ জুন থেকে বাজেট অধিবেশন শুরুর ঘোষণা
- অধিবেশন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রস্তুতির কথা
- বিধানসভার অধিবেশন লাইভ টেলিকাস্ট করার সম্ভাবনা


