32.1 C
Kolkata
Wednesday, July 29, 2026
spot_img

শিক্ষা ইস্যুর গণ্ডি পেরিয়ে এবার কৃষক-যুব আন্দোলনের ডাক? রাকেশ টিকাইতের সঙ্গে CJP-র বৈঠক

Aaj India Desk, নয়াদিল্লি: ছাত্র আন্দোলনের পর এবার কৃষক ও যুব সমাজকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে ককরোচ জনতা পার্টি (CJP)। সেই লক্ষ্যেই মঙ্গলবার দিল্লিতে কৃষক নেতা রাকেশ টিকাইতের (Rakesh Tikait) সঙ্গে বৈঠক করেন সিজেপির প্রতিনিধিরা। বৈঠকে সংগঠনের মুখপাত্র আশুতোষ রানকা-সহ একাধিক নেতা এবং ভারতীয় কিষাণ ইউনিয়ন (BKU)-এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, এই বৈঠকে ছাত্র, কৃষক এবং যুবকদের বিভিন্ন সমস্যা নিয়ে একসঙ্গে আন্দোলনের পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। শুধু শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি বা প্রশ্নপত্র ফাঁসের মতো বিষয় নয়, এবার কৃষক ও যুবকদের সমস্যাকেও সামনে রেখে বড় আন্দোলন গড়ে তোলাই তাদের লক্ষ্য। বৈঠকের পর আশুতোষ রানকা দাবি করেন, দেশের ছাত্র, কৃষক এবং যুবকদের একত্রিত করে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে দেশব্যাপী আন্দোলনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

প্রশ্নপত্র ফাঁস ও পরীক্ষায় অনিয়মের অভিযোগে ৩৬ দিন ধরে চলা আন্দোলন স্থগিত হওয়ার পর কয়েক দিনের মধ্যেই রাকেশ টিকাইতের সঙ্গে এই বৈঠককে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এর মাধ্যমে সিজেপি তাদের আন্দোলনের পরিধি আরও বাড়ানোর বার্তা দিয়েছে বলে রাজনৈতিক মহলের একাংশের মত।

সিজেপির অভিযোগ, ছাত্র আন্দোলনের সময় কেন্দ্র ও কয়েকটি রাজ্য সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল, তার সবকিছু এখনও কার্যকর হয়নি। সংগঠনের দাবি, বিহার ও পশ্চিমবঙ্গে আন্দোলনকারী ছাত্রদের বিরুদ্ধে মামলা হয়েছে। এমনকী রাজস্থানের মতো রাজ্যেও এখনও ছাত্রদের বিরুদ্ধে এফআইআর করা হচ্ছে।

বৈঠকে আন্দোলনরত ছাত্রদের বিরুদ্ধে দায়ের হওয়া সব মামলা প্রত্যাহারের বিষয়েও রাকেশ টিকাইতের সমর্থন চাওয়া হয়েছে বলে সিজেপি সূত্রে খবর। সংগঠনের হুঁশিয়ারি, দ্রুত পদক্ষেপ না করা হলে কৃষক ও যুব সংগঠনগুলিকে সঙ্গে নিয়ে আবারও দেশজুড়ে আন্দোলনে নামা হতে পারে।

এর আগে দিল্লির যন্তর মন্তরে ছাত্রদের আন্দোলনের সময় একাধিকবার সেখানে গিয়ে পাশে থাকার বার্তা দিয়েছিলেন রাকেশ টিকাইত। ২০ জুলাই সিজেপির ডাকা ‘সংসদ চলো’ কর্মসূচিকে ঘিরে দিল্লিতে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তারক্ষীদের সংঘর্ষ হয়। সংসদের দিকে এগোনোর সময় মিছিল আটকাতে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহার করা হয়েছিল বলে অভিযোগ ওঠে। পরে সেই আন্দোলন দেশের বিভিন্ন প্রান্তেও ছড়িয়ে পড়ে।

NEET প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ছিল আন্দোলনকারীদের অন্যতম প্রধান দাবি। ২৫ জুলাই আন্দোলন সাময়িকভাবে স্থগিত হলেও, ছাত্রদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহারের প্রতিশ্রুতি পূরণ হয়নি বলে অভিযোগ তুলে ফের বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে সিজেপি।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন