Aaj India Desk, কলকাতা : সরকারি দপ্তরের একই কাজ বছরের পর বছর ধরে এক সংস্থার হাতেই থেকে যাওয়ার অভিযোগ নতুন নয়। প্রাক্তন তৃনমূল সরকারের আমলে অনেক ক্ষেত্রেই চুক্তির মেয়াদ শেষ হলেও নতুন টেন্ডার ডাকার বদলে সেই সংস্থারই কাজের মেয়াদ বাড়ানো হয়েছে। এবার সেই প্রথায় ইতি টানতে বড় সিদ্ধান্ত নিল নব্য পশ্চিমবঙ্গ সরকার। সরকারি টেন্ডার প্রক্রিয়ায় স্বচ্ছতা ও প্রতিযোগিতা নিশ্চিত করতে বুধবার নতুন নির্দেশিকা জারি করলো নবান্ন। (Government Tender)
কী জানাল নবান্ন?
বুধবার মুখ্যসচিব মনোজ আগরওয়ালের স্বাক্ষরিত নির্দেশিকায় সরকারি দপ্তরগুলির জন্য পাঁচ দফা নির্দেশ জারি করা হয়েছে। নবান্নের নির্দেশ অনুযায়ী, একই সংস্থাকে বারবার কাজের বরাত দেওয়া যাবে না। নির্দিষ্ট সময় অন্তর নিয়ম মেনে নতুন টেন্ডার ডাকতে হবে এবং কোনও সংস্থার চুক্তির মেয়াদ শেষ হওয়ার অন্তত তিন মাস আগে নতুন টেন্ডারের প্রক্রিয়া শুরু করতে হবে। (Government Tender)
নির্দেশিকায় এও বলা হয়েছে, সরকারি দপ্তরগুলিকে নির্ধারিত সময়ের মধ্যেই টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, যাতে কাজের ধারাবাহিকতা বজায় থাকে এবং প্রতিযোগিতামূলক পরিবেশ নিশ্চিত হয়।
সময়মতো টেন্ডার না ডাকলে কড়া ব্যবস্থা
সরকারি বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে, কোনও সংস্থার চুক্তির মেয়াদ শেষ হওয়ার অন্তত তিন মাস আগে নতুন টেন্ডার আহ্বানের প্রক্রিয়া শুরু করতে হবে। যদি সময়মতো টেন্ডার না ডাকা হয়, অথবা যথাযথ অনুমোদন ছাড়া কোনও সংস্থার কাজের মেয়াদ বাড়ানো হয়, তবে তা আর্থিক বিধি লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও জানানো হয়েছে। (Government Tender)
সরকারের বক্তব্য, উন্মুক্ত টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে যোগ্য ও প্রতিযোগিতামূলক সংস্থাকে নির্বাচন করা সম্ভব হয়। একই সংস্থাকে ধারাবাহিকভাবে কাজের বরাত দিলে সেই প্রতিযোগিতার সুযোগ সীমিত হয়ে যায়। প্রশাসনিক মহলের একাংশের মতে, সরকারি কাজে স্বচ্ছতা, জবাবদিহি এবং আর্থিক শৃঙ্খলা আরও শক্তিশালী করার লক্ষ্যেই এই নতুন নির্দেশিকা জারি করা হয়েছে।


