Aaj India Desk,নয়াদিল্লি: অ্যাসিড হামলার ফলে শুধু শরীরের বাইরের অংশই ক্ষতিগ্রস্ত হয় না, অনেক ক্ষেত্রে শরীরের ভিতরের গুরুত্বপূর্ণ অঙ্গও মারাত্মকভাবে ক্ষতির মুখে পড়ে। এতদিন এই ধরনের অভ্যন্তরীণ ক্ষতির শিকার ব্যক্তিরা সরকারি নানা সুবিধা থেকে বঞ্চিত হতেন। তবে এবার সেই পরিস্থিতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলল সুপ্রিম কোর্টে (Supreme Court)।
মঙ্গলবার শীর্ষ আদালতে কেন্দ্রীয় সরকার জানিয়েছে, অ্যাসিড হামলার কারণে শরীরের ভিতরের অঙ্গপ্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হলেও সেই ব্যক্তিরা প্রতিবন্ধীদের অধিকার সংক্রান্ত আইনের আওতায় সরকারি সুযোগ-সুবিধা পাবেন। এই বিষয়ে প্রয়োজনীয় নিয়মে ইতিমধ্যেই সংশোধন আনা হয়েছে বলেও আদালতে জানানো হয়েছে।
এই মামলার সূত্রপাত এক অ্যাসিড আক্রান্ত সমাজকর্মীর জনস্বার্থ মামলাকে ঘিরে। মামলায় দাবি করা হয়েছিল, জোর করে অ্যাসিড খাওয়ানোর ঘটনায় ফুসফুস, খাদ্যনালী, পাকস্থলী-সহ একাধিক অঙ্গ স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। ফলে দীর্ঘদিন চিকিৎসার প্রয়োজন হয় এবং স্বাভাবিক জীবনে ফিরতে নানা সমস্যার মুখে পড়তে হয় আক্রান্তদের। অথচ এতদিন মূলত বাহ্যিক বিকৃতিকেই প্রতিবন্ধকতা হিসেবে ধরা হত।
প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চে শুনানির সময় কেন্দ্র জানায়, সম্প্রতি জারি হওয়া এক বিজ্ঞপ্তির মাধ্যমে অ্যাসিড হামলার সমস্ত শিকারকেই প্রতিবন্ধী অধিকার আইনের আওতায় অন্তর্ভুক্ত করা হয়েছে। আদালতও এই উদ্যোগকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছে।
শুধু সরকারি সুবিধাই নয়, দ্রুত বিচার, ক্ষতিপূরণ এবং বাজারে অ্যাসিড বিক্রির উপর আরও কড়া নজরদারির বিষয়েও আদালতে আলোচনা হয়েছে। ভবিষ্যতে অপরাধীদের সম্পত্তি বাজেয়াপ্ত করে সেই অর্থ আক্রান্তদের চিকিৎসায় ব্যবহার করা যায় কি না, তাও খতিয়ে দেখা হতে পারে বলে ইঙ্গিত মিলেছে।
অ্যাসিড হামলার শিকারদের পুনর্বাসন ও অধিকার সুরক্ষায় এই পদক্ষেপকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন আইন বিশেষজ্ঞদের একাংশ।


