27.7 C
Kolkata
Thursday, July 16, 2026
spot_img

অবশেষে কালীঘাট তৃণমূলকে ২১জুলাই পালনের অনুমতি দিল হাইকোর্ট! তবে মানতে হবে একাধিক শর্ত

Aaj India Desk, কলকাতা: ২১ জুলাই শহিদ দিবসের (21July Rally) কর্মসূচি ঘিরে কালীঘাট তৃণমূল (Kalighat Trinomul)-কে বড় স্বস্তি দিল কলকাতা হাইকোর্ট (Kolkata High Court)। বুধবার বিচারপতি সৌগত ভট্টাচার্য বিড়লা তারামণ্ডলের সামনে সমাবেশ করার অনুমতি দিলেও বেশ কিছু শর্ত বেঁধে দিয়েছেন। আদালতের বক্তব্য, সভা চলাকালীন কোনওভাবেই সাধারণ মানুষের অসুবিধা বা আইনশৃঙ্খলার সমস্যা তৈরি করা যাবে না।

আদালতের নির্দেশ অনুযায়ী, সমাবেশে সর্বাধিক ৩ হাজার মানুষ অংশ নিতে পারবেন। এর বেশি ভিড় হলে তার দায় আয়োজকদেরই নিতে হবে। একই সঙ্গে সভার সময়ও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। দুপুর ১২টা থেকে বিকেল ৩টার মধ্যে কর্মসূচি শেষ করতে হবে।

যানজট এড়ানোর দিকেও বিশেষ নজর দিয়েছে আদালত। নির্দেশে বলা হয়েছে, রাস্তা পুরোপুরি বন্ধ করা যাবে না। এমন ব্যবস্থা রাখতে হবে যাতে একদিকে সভা চললেও অন্য দিক দিয়ে স্বাভাবিকভাবে যানবাহন চলাচল করতে পারে। পুলিশ ও প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে গোটা কর্মসূচি পরিচালনারও নির্দেশ দেওয়া হয়েছে।

শুনানিতে রাজ্যের পক্ষ থেকে অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র দাবি করেন, বিড়লা তারামণ্ডলের সামনে হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান থাকায় সেখানে সমাবেশ করলে সমস্যা হতে পারে। তবে কালীঘাট তৃণমূলের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতে বলেন, তাঁদের অনুমতি দেওয়া হয়নি, অথচ একই দিনে অন্য গোষ্ঠীর কর্মসূচিতে অনুমতি দেওয়া হয়েছে। শেষ পর্যন্ত আদালত কালীঘাট তৃণমূলের আবেদন মঞ্জুর করে।

শুনানির সময় বিচারপতি পর্যবেক্ষণ করেন, বিধানসভা নির্বাচনের পর তৃণমূল কংগ্রেসে বিভাজনের পরিস্থিতি তৈরি হয়েছে। তাই একই দিনে দুই পক্ষের বড় কর্মসূচি হলে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়তে পারেন। সেই কারণেই তিনি বিকল্প হিসেবে ডোরিনা ক্রসিং, ধর্মতলা পশ্চিম বা হাজরা এলাকার কথাও উল্লেখ করেন।

এদিকে, রাজ্যের পক্ষ থেকে মামলার গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন তোলা হয়েছিল। তবে সেই আপত্তি আদালত গ্রহণ করেনি। সব দিক বিবেচনা করে এবং প্রশাসনের মতামত শোনার পর বিচারপতি সৌগত ভট্টাচার্য বিড়লা তারামণ্ডলের সামনে ২১ জুলাইয়ের শহিদ দিবসের সমাবেশের অনুমতি দেন। তবে আদালত স্পষ্ট জানিয়েছে, সমস্ত শর্ত কঠোরভাবে মেনে তবেই এই কর্মসূচি করতে হবে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন