Aaj India Desk, কলকাতা: কলকাতার নিউটাউনের সিলিকন ভ্যালি হাবে শুরু হল লারসেন অ্যান্ড টুব্রো (L&T) এবং এলটিআইমাইন্ডট্রি (LTIMindtree)-এর নতুন প্রযুক্তি ক্যাম্পাস ‘আনন্দ নিকেতন’। রাখিবন্ধনের আগে প্রদীপ জ্বালিয়ে ও পুজোর মাধ্যমে এই বড় প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), প্রশাসনের শীর্ষ আধিকারিকরা এবং L&T গ্রুপের চেয়ারম্যান-সহ সংস্থার একাধিক কর্তা।
প্রায় ৭ লক্ষ ৪৮ হাজার বর্গফুট জায়গা জুড়ে তৈরি হয়েছে এই বিশাল ক্যাম্পাস। দুটি টাওয়ারে একসঙ্গে প্রায় ৫ হাজার ৮০০ জন কাজ করতে পারবেন। এখানে AI, ক্লাউড ডেটা, সাইবার সিকিউরিটি, চিপ ডিজাইন এবং অটোমেশনের মতো আধুনিক প্রযুক্তি নিয়ে কাজ হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, কাজের খোঁজে বাংলার বহু প্রতিভাবান ছেলে-মেয়ে বেঙ্গালুরু, হায়দ্রাবাদ বা পুণের মতো শহরে চলে গিয়েছেন। এবার তাঁদের নিজেদের শহর কলকাতায় ফিরে আসার সুযোগ তৈরি হচ্ছে। তাঁর কথায়, ‘আনন্দ নিকেতন’ শুধু একটি অফিস নয়, বাংলার দক্ষ তরুণ প্রজন্ম এবং রাজ্যের ভবিষ্যতের উপর বড় আস্থার প্রতীক।
রাজ্যে শিল্প ও কর্মসংস্থান বাড়ানোর পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান এবং শিল্প সংস্থাগুলির মধ্যে যোগাযোগ আরও শক্তিশালী করার উপরও জোর দেওয়া হয়েছে। বেকারত্ব কমাতে এবং তরুণদের কাজের সুযোগ বাড়াতে কেন্দ্র ও রাজ্যের সহযোগিতার কথা তুলে ধরা হয়।
ছোট ব্যবসা ও নতুন উদ্যোগকে সাহায্য করতে PM Mudra Yojana, PM Vishwakarma এবং PMEGP-এর মতো প্রকল্প আরও কার্যকর করার বার্তাও দেওয়া হয়েছে। L&T-এর মতো বড় সংস্থাকে রাজ্যে বিনিয়োগের জন্য সবরকম সরকারি সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, নতুন শিল্প ও বিনিয়োগের জন্য প্রশাসনের দরজা খোলা থাকবে।
রাখিপূর্ণিমা উপলক্ষে রাজ্যজুড়ে বিভিন্ন কর্মসূচির কথাও ঘোষণা করা হয়েছে। দেশপ্রেম ও ঐক্যের বার্তা দিয়ে বাংলাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়। স্বামী বিবেকানন্দের ‘চরৈবেতি’ মন্ত্রকে সামনে রেখে তরুণ প্রজন্মকে স্বনির্ভর হওয়ার বার্তা দিয়েই শেষ হয় অনুষ্ঠান।


