Aaj India Desk, নয়াদিল্লি: আরজি কর মেডিক্যাল (RG Kar) কলেজের দুর্নীতি মামলায় জামিন পেতে এবার সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হলেন হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ (Sandip Ghosh)। কলকাতা হাই কোর্টে জামিনের আবেদন খারিজ হওয়ার পর সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেই দেশের শীর্ষ আদালতে মামলা করেছেন তিনি। আগামী সপ্তাহে এই মামলার শুনানি হতে পারে।
আরজি কর মেডিক্যাল কলেজে দুর্নীতির অভিযোগে সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছিল সিবিআই। হাই কোর্টে তাঁর জামিনের আবেদন খারিজ করার সময় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের পর্যবেক্ষণ ছিল, তাঁর বিরুদ্ধে সরকারি অর্থ তছরুপের গুরুতর অভিযোগ রয়েছে। সেই অর্থ সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবার সঙ্গে সরাসরি জড়িত বলেও আদালত উল্লেখ করে। পাশাপাশি, সন্দীপ ঘোষ প্রভাবশালী ব্যক্তি হওয়ায় জামিন পেলে সাক্ষীদের উপর প্রভাব খাটানোর আশঙ্কা থাকতে পারে বলেও মনে করেছিল আদালত।
সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ, তাঁর আমলে আরজি কর হাসপাতালে দীর্ঘদিন ধরে নানা ধরনের অনিয়ম চলেছিল। হাসপাতালের চিকিৎসা সরঞ্জাম কেনার টেন্ডারে কারচুপি থেকে শুরু করে পছন্দের ব্যক্তিদের কাজের বরাত পাইয়ে দেওয়ার মতো অভিযোগও সামনে আসে। হাসপাতালের তৎকালীন ডেপুটি সুপারের অভিযোগ ছিল, তিন বছরেরও বেশি সময় ধরে এই ধরনের দুর্নীতি চলেছিল।
২০২৪ সালের ৯ অগস্ট আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার পরই হাসপাতালের প্রশাসনিক ব্যবস্থাপনা নিয়ে একাধিক প্রশ্ন ওঠে। সেই সময়েই সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও প্রকাশ্যে আসে। পরে ধর্ষণ-খুনের ঘটনায় প্রমাণ নষ্ট করার অভিযোগে সন্দীপ ঘোষ এবং তৎকালীন টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই।
ধর্ষণ ও খুনের মামলায় পরে জামিন পেলেও দুর্নীতির মামলায় এখনও জামিন পাননি সন্দীপ ঘোষ। তাই এবার হাই কোর্টের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের কাছে জামিনের আবেদন জানিয়েছেন তিনি।


