Aaj India Desk, কলকাতা: রাজ্যে সিভিক ভলান্টিয়ার (Civic Volunteer)-দের নিয়োগ প্রক্রিয়া নিয়ে এবার কড়া নজরদারির সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র দফতর। দীর্ঘদিন ধরে নিয়োগে স্বজনপোষণ ও রাজনৈতিক প্রভাবের অভিযোগ উঠছিল। সেই কারণেই বর্তমানে কর্মরত সিভিক ভলান্টিয়ারদের নিয়োগের বৈধতা, যোগ্যতা এবং কাজের পারফরম্যান্স নতুন করে খতিয়ে দেখা হবে। এই পুরো প্রক্রিয়া আগামী ৯০ দিনের মধ্যে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।
দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, কর্মরত প্রত্যেক সিভিক ভলান্টিয়ারের নথি পুনরায় যাচাই করা হবে। নিয়োগ বা বদলির ক্ষেত্রে কোনও রাজনৈতিক সুপারিশ ছিল কি না, তা খতিয়ে দেখা হবে। পাশাপাশি ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে কাউকে বিশেষ সুবিধা দেওয়া হয়েছিল কি না, সেটিও তদন্তের আওতায় থাকবে। শুধু তাই নয়, গত দুই বছরে তাঁদের কাজের রেকর্ড, দায়িত্ব পালনের নিয়মিততা এবং কর্মক্ষমতাও পর্যালোচনা করা হবে।
এ বিষয়ে মন্ত্রী অগ্নিমিত্রা বলেন, তাঁর দফতরেও প্রয়োজনের তুলনায় বেশি কর্মী নিয়োগ করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। অনেক কর্মী নিয়মিত অফিসে না এলেও সরকারি অর্থ খরচ হচ্ছে। তাই কারা প্রকৃতপক্ষে কাজ করছেন এবং কারা দায়িত্ব এড়িয়ে চলছেন, তা চিহ্নিত করা জরুরি বলে তিনি মনে করেন।
তিনি আরও জানান, বিট সিস্টেমে কর্মী নিয়োগের জন্য ইতিমধ্যেই নির্দেশিকা জারি করা হয়েছে। অপ্রয়োজনীয় অতিরিক্ত কর্মী রাখা হবে না। দীর্ঘদিন ধরে কাজে অনুপস্থিত থাকা কর্মীদের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথাও তিনি জানিয়েছেন।


