Aaj lndia Desk,কলকাতা: Oracle ও Meta-র পর এবার কর্মী ছাঁটাইয়ের বড় সিদ্ধান্ত নিল Intuit। কোম্পানির প্রায় ৩ হাজার কর্মীর চাকরি যেতে পারে। পাশাপাশি কয়েকটি অফিসও বন্ধ করা হবে বলে জানা গিয়েছে। খরচ কমানো ও AI প্রযুক্তিতে বেশি কাজ করার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে আমেরিকার অফিসগুলিতে। তবে ভারতের IT ক্ষেত্রেও এর প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে।
কোম্পানির সিইও শসান গুদারজি (Sasan Goodarzi) কর্মীদের জানিয়েছেন, কাজ আরও দ্রুত ও সহজ করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংস্থার দাবি, অনেক জায়গায় একই ধরনের কাজ হচ্ছিল, ফলে খরচও বাড়ছিল। তাই কর্মী কমিয়ে AI ও নতুন প্রযুক্তিতে বেশি জোর দিতে চাইছে কোম্পানি। এর মাধ্যমে ভবিষ্যতে আরও দ্রুত নতুন পরিষেবা আনার পরিকল্পনা রয়েছে।
এরপর থেকেই প্রশ্ন উঠছে, তবে কি মানুষের জায়গা নিচ্ছে AI? যদিও সংস্থার সিইও শসান গুদারজি (Sasan Goodarzi) দাবি করেছেন, এই ছাঁটাই শুধুমাত্র AI-কে জায়গা দেওয়ার জন্য নয়। বরং কোম্পানির কাজের গতি বাড়ানো ও খরচ কমানোর লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অন্যদিকে, যাঁদের চাকরি যাবে তাঁদের জন্য ক্ষতিপূরণের ব্যবস্থাও রাখা হয়েছে। আমেরিকায় ছাঁটাই হওয়া কর্মীরা অন্তত ১৬ সপ্তাহের বেতন পাবেন। পাশাপাশি কোম্পানিতে যত বছর কাজ করেছেন, প্রতি বছরের জন্য অতিরিক্ত দুসপ্তাহের বেতনও দেওয়া হবে।
Intuit-এর কর্মী ছাঁটাইয়ের প্রভাব ভারতেও পড়তে পারে। বিশেষ করে বেঙ্গালুরুর অফিস নিয়ে বাড়ছে চিন্তা। কারণ, এই অফিস থেকেই সফটওয়্যার তৈরি, প্রযুক্তিগত কাজ ও তথ্য বিশ্লেষণের মতো গুরুত্বপূর্ণ কাজ করা হয়। তাই সেখানেও কিছু কর্মীর চাকরি যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
শুধু ভারত নয়, আমেরিকাতেও বড় পরিবর্তন আনছে সংস্থা। নেভাদার রেনো এবং ক্যালিফোর্নিয়ার উডল্যান্ড হিলসের অফিস পুরোপুরি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোম্পানির লক্ষ্য এখন AI ও নতুন প্রযুক্তিতে বেশি জোর দেওয়া।


