Aaj India Desk, কলকাতা : বর্ষা নামতেই আরও স্পষ্ট হয়ে ওঠে কলকাতার রাস্তার বেহাল ছবি। কোথাও হাঁটু সমান জল, কোথাও পিচ উঠে তৈরি হয়েছে গভীর গর্ত। তার মাঝেই প্রতিদিনের যাত্রা যেন দুর্ভোগের পরীক্ষায় পরিণত হয়েছে। অফিসযাত্রী থেকে স্কুলপড়ুয়া, পথচারী থেকে অটো,বাইকচালককে ভাঙাচোরা রাস্তা ও জলমগ্ন পথে নিত্যদিন ঝুঁকি নিয়েই চলতে হয়। রাস্তা কাটার পর মেরামত না হওয়া অংশের সঙ্গে বৃষ্টির জল মিলে পরিস্থিতি আরও ভয়াবহ করে তোলে। তবে পুজোর আগে এই বেহাল রাস্তার ছবি বদলাতে এবার বড় উদ্যোগ নিলো রাজ্য সরকার। (Kolkata Roads)
কলকাতার বেহাল রাস্তার পরিস্থিতি সামাল দিতে পুজোর আগেই বড়সড় মেরামতি অভিযানে নামছে কলকাতা পুরসভা। পুরসভার তথ্য অনুযায়ী, রাস্তা মেরামতের জন্য রাজ্য সরকারের তরফে ১৮ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। যে সমস্ত প্রধান ও গুরুত্বপূর্ণ রাস্তায় দীর্ঘদিন ধরে ভাঙাচোরা অবস্থা, গর্ত এবং জল জমার সমস্যা রয়েছে, সেগুলিকে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানানো হয়েছে। কলকাতা পুলিশের দেওয়া রিপোর্টের ভিত্তিতে কোন কোন রাস্তা আগে মেরামত করা প্রয়োজন, সেই তালিকাও তৈরি করা হচ্ছে।(Kolkata Roads)
পুজোর আগেই সেজে উঠবে রাস্তা
পুজোর সময় শহরে যানবাহন ও মানুষের চাপ কয়েক গুণ বেড়ে যায়। সেই কথা মাথায় রেখেই পুজোর আগেই গুরুত্বপূর্ণ রাস্তাগুলির মেরামত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রাক্তন পুর কমিশনার স্মিতা পাণ্ডেও সংশ্লিষ্ট আধিকারিকদের দ্রুত কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন। (Kolkata Roads)
কোন কোন এলাকার রাস্তাকে প্রাধান্য ?
মঙ্গলবার দুপুর পর্যন্ত কলকাতার বেশ কয়েকটি নিচু এলাকায় জল জমে থাকায় যান চলাচল ব্যাহত হয়। কলকাতা ট্রাফিক পুলিশের মতে, স্ট্র্যান্ড রোড, ঠনঠনিয়া কালীবাড়ি, এমজি রোড এবং আমহার্স্ট স্ট্রিটের মতো এলাকায় জল জমে পথচারীদের নিত্য দুর্ভোগে পড়তে হয়। এই রাস্তাগুলোকেই প্রাধান্য দেওয়া হবে বলে জানিয়েছে কলকাতা পুরসভা।
এখন বরাদ্দ হওয়া ১৮ কোটি টাকা দিয়ে কত দ্রুত কাজ শুরু হয় এবং বৃষ্টির মধ্যে ক্ষতিগ্রস্ত রাস্তাগুলি কতটা কার্যকরভাবে মেরামত করা যায়, সেদিকেই নজর শহরবাসীর।


