Aaj India Desk, কলকাতা: আগামী বৃহস্পতিবার ইদ (Eid)। সেই উপলক্ষে সরকারি ছুটি থাকায় কলকাতা মেট্রো (Kolkata Metro) র বেশ কয়েকটি লাইনে ট্রেনের সংখ্যা কিছুটা কমানো হচ্ছে। তবে যাত্রীদের জন্য স্বস্তির খবর, প্রথম ও শেষ মেট্রোর সময়সূচিতে কোনও পরিবর্তন করা হচ্ছে না। অর্থাৎ, প্রতিদিনের মতোই নির্দিষ্ট সময়েই প্রথম এবং শেষ ট্রেন (Train) চলবে। মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ইদের দিন ব্লু লাইন, গ্রিন লাইন এবং ইয়েলো লাইনে ট্রেনের সংখ্যা কম থাকবে। ছুটির দিনের যাত্রীসংখ্যা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ছুটির দিনে কোন লাইনে কতগুলি মেট্রো চলবে, এক নজরে দেখে নিন-
ব্লু লাইন (দক্ষিণেশ্বর – কবি সুভাষ):
সাধারণ দিনে এই লাইনে মোট ২৬০টি মেট্রো চলাচল করে। কিন্তু বৃহস্পতিবার ইদের দিন সেখানে চলবে ২৪৬টি ট্রেন।
গ্রিন লাইন (সল্টলেক সেক্টর ফাইভ – শিয়ালদহ / হাওড়া ময়দান – এসপ্ল্যানেড):
এই রুটে প্রতিদিন ২২৮টি ট্রেন চলে। ইদের দিন সেই সংখ্যা কমিয়ে ২০৪টি করা হচ্ছে।
ইয়েলো লাইন (নোয়াপাড়া – বারাসাত, বিমানবন্দর হয়ে):
এই লাইনে সাধারণত ১২০টি মেট্রো চলাচল করে। তবে বৃহস্পতিবার চলবে মাত্র ৯২টি ট্রেন।
যদিও ট্রেনের সংখ্যা কমানো হচ্ছে, তবুও নিত্যযাত্রীদের সুবিধার কথা ভেবেই প্রথম ও শেষ ট্রেনের সময় একই রাখা হয়েছে। ফলে সকালবেলার অফিসযাত্রী থেকে রাতের যাত্রী- কারওই সময় নিয়ে নতুন করে সমস্যায় পড়তে হবে না। এদিকে মেট্রো কর্তৃপক্ষ আরও জানিয়েছে, শুধুমাত্র এই তিনটি লাইনে ট্রেনের সংখ্যা কমানো হচ্ছে। বাকি দুই রুটে পরিষেবা একেবারেই স্বাভাবিক থাকবে। পার্পল লাইন (জোঁকা – মাঝেরহাট) এবং অরেঞ্জ লাইন (কবি সুভাষ – হেমন্ত মুখোপাধ্যায়)-এ অন্য দিনের মতোই নিয়ম মেনে মেট্রো চলবে। এই দুই রুটে কোনও পরিবর্তন আনা হয়নি।


