Aaj India Desk, উত্তর দিনাজপুর: রাজ্যে একের পর এক পাকিস্তানি গুপ্তচর (Pakistani spy) সন্দেহে গ্রেফতারের (Arrest) ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। কয়েকদিন আগে বর্ধমান থেকে এক ব্যক্তিকে পাক গুপ্তচর সন্দেহে গ্রেফতার করা হয়েছিল। এরপর গোয়ালপোখর থেকেও একজনকে পাক চর সন্দেহে আটক করা হয়। সেই ঘটনার তদন্তের সূত্র ধরেই এবার উত্তর দিনাজপুরের ইসলামপুরে (Islampur) অভিযান চালাল বেঙ্গল এসটিএফ (Bengal STF)।
বৃহস্পতিবার ইসলামপুর থেকে ফজলে রাব্বী নামে এক ব্যক্তিকে আটক করেছেন এসটিএফের গোয়েন্দারা। বর্তমানে ইসলামপুর থানায় তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। ফজলে রাব্বী সম্পর্কে তৃণমূলের প্রভাবশালী নেতা তথা ব্লক সভাপতি জাকির হুসেনের ভাই।
জানা গিয়েছে, এক সপ্তাহ আগে গোয়ালপোখরের পাঞ্জিপাড়া এলাকা থেকে পাক গুপ্তচর সন্দেহে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছিল। সেই তদন্তের সূত্র ধরেই বৃহস্পতিবার ইসলামপুরে অভিযান চালানো হয়। সেখানেই আটক করা হয় ফজলে রাব্বীকে।
ফজলে রাব্বীর দাদা জাকির হুসেন তৃণমূলের ব্লক সভাপতি। তিনি তৃণমূল বিধায়ক কানাইয়ালাল আগরওয়ালের ঘনিষ্ঠ বলেও স্থানীয় সূত্রে দাবি। ভোটের পর থেকে জাকির হুসেনকে এলাকায় খুব একটা দেখা যাচ্ছে না। তবে তাঁর ভাই ফজলে রাব্বীকে এলাকায় নিয়মিত দেখা যেত বলে স্থানীয়দের দাবি।
রাব্বীকে আটক করার পরই এলাকায় নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। তাঁর সঙ্গে সত্যিই কোনও পাক-যোগ রয়েছে কি না, তদন্তে সেটাই এখন খতিয়ে দেখছেন এসটিএফের আধিকারিকরা। একইসঙ্গে তাঁর মাধ্যমে কোনও গুরুত্বপূর্ণ তথ্য বাইরে পাচার করা হয়েছিল কি না, সেই বিষয়টিও তদন্তের আওতায় রয়েছে।


