Aaj India Desk, কলকাতা : রাজনীতিতে মতাদর্শের সংঘাত নতুন নয়। তবে কখনও কখনও এমন কিছু সিদ্ধান্ত সামনে আসে, যা রাজনৈতিক বিভাজনের চেয়েও বড় হয়ে ওঠে। পশ্চিমবঙ্গে নতুন সরকারের সাম্প্রতিক একটি পদক্ষেপ ঘিরে তেমনই আলোচনা শুরু হয়েছে। বুধবার পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira Bhattacharya) নিরাপত্তা ফেরানোর সিদ্ধান্ত ঘোষণা করে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে কলকাতার ৫৯এ, পাম অ্যাভিনিউয়ের বাসভবনে আবারও চালু করা হবে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা।
২০২৪ সালের ৮ই আগষ্ট প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুর পর তাঁর স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira Bhattacharya) জন্য থাকা সরকারি নিরাপত্তা তুলে নিয়েছিল তৎকালীন তৃনমূল সরকার। তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনাকে প্রশাসনিক রুটিন বলে জানালেও সেইসময় রাজনৈতিক মহলে এটিকে বিরোধীর প্রতি অসৌজন্যর ছবি হিসেবে তুলে ধরে বহুল সমালোচনা করা হয়েছিল।
নতুন সরকারের সিদ্ধান্তে সেই নিরাপত্তাই ফের বহাল হতে চলেছে। প্রশাসনের মতে, খুব শীঘ্রই এই ব্যবস্থা কার্যকর হবে। বুদ্ধদেব ভট্টাচার্য এবং তাঁর রাজনৈতিক মতাদর্শের সঙ্গে বর্তমান সরকারের স্পষ্ট পার্থক্য থাকলেও, সেই বিষয়টি নিরাপত্তা সংক্রান্ত সিদ্ধান্তে প্রভাব ফেলবে না বলে সরকারি মহলের বক্তব্য। সরকারের এই পদক্ষেপকে রাজনৈতিক সৌজন্যের দৃষ্টান্ত হিসেবেই দেখা হচ্ছে।
উল্লেখ্য, বর্তমানে কলকাতার পাম অ্যাভিনিউয়ের ছোট্ট ফ্ল্যাটেই একা থাকেন মীরা ভট্টাচার্য (Mira Bhattacharya)। বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী থাকাকালীনও তিনি এই বাসভবনেই ছিলেন। জানা যায়, অতীতে বাসস্থান পরিবর্তনের পরামর্শ এলেও বুদ্ধদেব ভট্টাচার্য সেই প্রস্তাব গ্রহণ করেননি। তাঁর মৃত্যুর পরও একই বাড়িতে থাকার সিদ্ধান্তে অনড় রয়েছেন মীরা ভট্টাচার্য। তবে রাজ্যে সরকার পরিবর্তনের পর মীরা ভট্টাচার্য নতুন বিজেপি সরকারকে স্বাগত জানিয়েছিলেন। তিনি আশা প্রকাশ করেছিলেন যে রাজ্যে আইন-শৃঙ্খলা ও প্রশাসনিক পরিবেশের উন্নতি হবে এবং নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলি সরকার বাস্তবায়ন করবে। এবার সেই সৌজন্যের প্রত্যুত্তর দিয়ে বিরোধী পক্ষের সাথেও সুসম্পর্ক গড়ে তোলার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।


