Aaj lndia Desk,কলকাতা: কলকাতার মেট্রো মানচিত্রে কি এবার জায়গা করে নেবে ভারতীয় ফুটবলের এক গর্বের নাম? মোহনবাগান ক্লাবের পাশেই তৈরি হতে চলা নতুন মেট্রো স্টেশনের নাম ‘মোহনবাগান মেট্রো স্টেশন’ করার দাবি তুলে আনুষ্ঠানিকভাবে উদ্যোগ নিল সবুজ-মেরুন শিবির।
মেট্রো রেল কর্তৃপক্ষের কাছে এই মর্মে চিঠি পাঠিয়েছে মোহনবাগান কর্তৃপক্ষ। শুধু মেট্রো রেলই নয়, রাজ্যের পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের হাতেও সেই প্রস্তাবপত্র তুলে দেওয়া হয়েছে। ক্লাব সভাপতি দেবাশিস দত্ত জানান, কলকাতার ক্রীড়া ও জাতীয়তাবাদের ইতিহাসে মোহনবাগানের অবদানকে সম্মান জানাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
সূত্রের খবর, জোকা-এসপ্ল্যানেড বা পার্পল লাইনের সম্প্রসারণের পরিকল্পনার অংশ হিসেবেই ভিক্টোরিয়া ও ইডেন গার্ডেন্স হয়ে ধর্মতলা পর্যন্ত মেট্রো পরিষেবা পৌঁছে দেওয়ার কাজ এগোচ্ছে। সম্প্রতি জোকা-এসপ্ল্যানেড করিডরকে আরও বাড়িয়ে ইডেন গার্ডেন্স পর্যন্ত নিয়ে যাওয়ার প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে রেলমন্ত্রক। বর্তমানে অতিরিক্ত ব্যয়ের হিসেব চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে।
এই সম্প্রসারণের অন্যতম লক্ষ্য ইডেন গার্ডেন্স ও আশপাশের এলাকার সঙ্গে সার্কুলার রেল নেটওয়ার্কের যোগাযোগ আরও শক্তিশালী করা। পরিকল্পনা অনুযায়ী, মোহনবাগান ক্লাবের উল্টো দিকেই তৈরি হবে নতুন মেট্রো স্টেশনটি। স্টেশনের জন্য প্রয়োজনীয় জমিও ইতিমধ্যেই চিহ্নিত করেছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।
১৩৫ বছরেরও বেশি ঐতিহ্য বহন করে চলেছে মোহনবাগান। ১৯১১ সালে আইএফএ শিল্ড জয়ের মাধ্যমে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতীয় আত্মমর্যাদা ও জাতীয়তাবাদের এক প্রতীক হয়ে উঠেছিল এই ক্লাব। তাই সমর্থকদের একাংশের মতে, কলকাতার মেট্রো মানচিত্রে ‘মোহনবাগান’ নামের অন্তর্ভুক্তি শুধু একটি স্টেশনের নামকরণ নয়, বরং ভারতীয় ফুটবল ইতিহাস ও জাতীয় চেতনার প্রতি এক বিশেষ শ্রদ্ধার্ঘ্য।
এখন দেখার, মেট্রো রেল কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট মহল এই প্রস্তাবে শেষ পর্যন্ত সিলমোহর দেয় কি না।


