Aaj India Desk, কলকাতা: আজ বিধানসভায় শুরু হচ্ছে নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ অনুষ্ঠান। আর সেই শপথের আগেই বড় বার্তা দিলেন পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। দায়িত্ব নেওয়ার শুরুতেই জ্বালানি সাশ্রয়ের পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
সূত্রের খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) সম্প্রতি নিজের কনভয়ের গাড়ির সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছেন। সেই পথ অনুসরণ করেই আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও তাঁর কনভয়ের সংখ্যা কমানোর নির্দেশ দিয়েছেন। আজকের শপথ গ্রহণ অনুষ্ঠানের আগেই সেই সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলেও জানা গিয়েছে।
শুধু মুখ্যমন্ত্রীই নন, জ্বালানি সাশ্রয়ের বার্তা দিতে আজ বহু বিজেপি বিধায়কও বাসে করেই বিধানসভায় পৌঁছন। রাজনৈতিক মহলের একাংশের মতে, আগামী দিনে মন্ত্রিসভা গঠনের পর রাজ্যের মন্ত্রীদের মধ্যেও এই ধরণের উদ্যোগ দেখা যেতে পারে। ইতিমধ্যেই উত্তরপ্রদেশে সপ্তাহে একদিন ‘নো ভেহিকেল ডে’ চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই মডেল ভবিষ্যতে পশ্চিমবঙ্গেও কার্যকর হতে পারে বলেই জল্পনা।
এদিকে আজ থেকেই শুরু হচ্ছে বিধায়কদের শপথ গ্রহণ পর্ব। প্রথমেই শপথ নেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভবানীপুর কেন্দ্রের বিধায়ক হিসেবে তাঁকে শপথবাক্য পাঠ করাবেন প্রোটেম স্পিকার তাপস রায়। দুই দিন ধরে চলবে এই শপথ গ্রহণ অনুষ্ঠান। মোট ২৯০ জন জয়ী বিধায়ক শপথ নেবেন বলে জানা গিয়েছে। আজ শপথ নেবেন উত্তরবঙ্গের ৯ জেলা, নদিয়া, উত্তর ২৪ পরগণা ও দক্ষিণ ২৪ পরগণার বিধায়কেরা। বাকি ১১ জেলার বিধায়কদের শপথ গ্রহণ হবে আগামীকাল।


