Aaj India Desk, পুরুলিয়া : এবার তৃণমূলকে সমর্থন করার চড়া মাশুল গুনতে হলো সমাজ মাধ্যম ইনফ্লুয়েন্সারকে। পুরুলিয়ায় সোশ্যাল মিডিয়ায় উসকানিমূলক পোস্ট এবং এক বাউড়ি সম্প্রদায়ের যুবককে হুমকি ও মারধরের অভিযোগে এক ইনফ্লুয়েন্সার ও জেলা তৃণমূল যুব সভাপতিকে গ্রেপ্তার করলো পুলিশ। সোমবার মাঝরাতেই পুরুলিয়া থানার পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। মঙ্গলবার দু’জনকেই পুরুলিয়া আদালতে তোলা হলে আদালত চত্বরে ‘চোর চোর’ স্লোগানও ওঠে। একই মামলায় জেলা পরিষদের সহ-সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও এসসি/এসটি অ্যাট্রোসিটি আইনের ধারা যুক্ত হয়েছে। (TMC Leader Arrested)
সোশ্যাল মিডিয়া কার্যকলাপ নিয়ে অভিযোগ
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ‘পাশে আছি পুরুলিয়া’ নামে একটি ফেসবুক পেজ পরিচালনা করেন তুষার অবস্থি। ২০২৬ এর নির্বাচনে তিনি তৃনমূলের সমর্থনে বেশ কয়েকটি পলিটিক্যাল ক্যাম্পেন পরিচালনা করেছিলেন। পুলিশের অভিযোগ, ২০১৮ সাল থেকে তিনি তৃণমূল কংগ্রেসের সমর্থনে ধারাবাহিকভাবে উসকানিমূলক পোস্ট ও ভিডিও প্রকাশ করতেন। বিভিন্ন সময়ে বিজেপির পুরুলিয়া সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো এবং বিধায়ক সুদীপ মুখোপাধ্যায়কে লক্ষ্য করে একাধিক পোস্ট করতেন বলেও দাবি করেছে পুলিশ।(TMC Leader Arrested)
পাশাপাশি, জেলা তৃণমূল যুব সভাপতি গৌরব সিংয়ের বিরুদ্ধেও একই ধরনের অভিযোগ রয়েছে। তদন্তকারীদের দাবি, তুষার অবস্থির সঙ্গে মিলে তিনি বিভিন্ন প্রচারমূলক ভিডিও ও পোস্ট তৈরি করে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করতেন। তবে এই কার্যকলাপের মূল উদ্যোক্তা হিসেবে তুষারের নামই উঠে এসেছে বলে তদন্তে দাবি করা হয়েছে। (TMC Leader Arrested)
সাইবার ও এসসি-এসটি আইনে অভিযোগ
তুষার অবস্থির বিরুদ্ধে সাইবার অপরাধ সংক্রান্ত ধারায় মামলা দায়ের হয়েছে। পাশাপাশি তুষার অবস্থি ও গৌরব সিংয়ের বিরুদ্ধে ২০২১, ২০২২ এবং ২০২৬ সালে পুরুলিয়া শহরের মুনসেফডাঙার একটি বুথে বাউড়ি সম্প্রদায়ের এক যুবককে হুমকি ও মারধর করার অভিযোগে তফসিলি জাতি ও তফসিলি উপজাতি (অত্যাচার প্রতিরোধ) আইনের অধীনেও মামলা হয়েছে।
তবে গ্রেপ্তারের পর গৌরব সিং বলেন, “তৃণমূল করলে মামলা হবেই। পুরোনো মিথ্যে মামলায় গ্রেপ্তার করা হচ্ছে।” অন্যদিকে, জেলা পরিষদের সহ-সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় বলেন, “কী ধারা যুক্ত হয়েছে, আমি জানি না। পুলিশ বলতে পারবে।”
যদিও পুলিশ জানিয়েছে, যথাযথ অভিযোগের ভিত্তিতেই সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। ডিজিটাল তথ্য, সোশ্যাল মিডিয়া পোস্ট এবং সংশ্লিষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্ত এগোচ্ছে এবং প্রয়োজনে আরও পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন তারা।


