Aaj India Desk, কলকাতা: কলকাতার একাধিক গুরুত্বপূর্ণ লেক এলাকা ঘুরে দেখে রক্ষণাবেক্ষণ ও পরিষেবা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। মঙ্গলবার তিনি রবীন্দ্র সরোবর ও সুভাষ সরোবর পরিদর্শন করেন। পরিদর্শনের পরই সংশ্লিষ্ট সংস্থা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা এজেন্সিগুলিকে কড়া বার্তা দেন মন্ত্রী।
অগ্নিমিত্রার অভিযোগ, লেকগুলির রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা এজেন্সিগুলি লক্ষ লক্ষ টাকা নিচ্ছে, কিন্তু তার বিনিময়ে কোনও পরিষেবা দিচ্ছে না। তাঁর দাবি, বহু জায়গায় অব্যবস্থা চোখে পড়েছে। কোথাও সুইমিং পুলের বেহাল অবস্থা, কোথাও শৌচালয়ে জল বা বিদ্যুতের ব্যবস্থা নেই। এমনকি কিছু জায়গায় জুয়া ও গাঁজার আসর বসার অভিযোগও তোলেন তিনি।
মন্ত্রী আরও বলেন, লেক চত্বরে একটি ওপিডি ও কয়েকটি ক্লাব চলছে, কিন্তু সেগুলি কারা পরিচালনা করছে বা কীভাবে চলছে, সে বিষয়ে স্পষ্ট তথ্য নেই। পাশাপাশি দীর্ঘদিন ধরে একটি কমিউনিটি হল ভগ্নদশায় পড়ে রয়েছে বলেও জানান তিনি। ফিশিং ক্লাবের কার্যকলাপ নিয়েও প্রশ্ন তোলেন অগ্নিমিত্রা। তাঁর দাবি, কিছু মানুষ মাছ ধরে নিয়ে যাচ্ছেন, কিন্তু তার থেকে সরকারের কোনও রাজস্ব আদায় হচ্ছে কি না, তা খতিয়ে দেখা হবে।
এদিন কড়া হুঁশিয়ারি দিয়ে মন্ত্রী বলেন, “কাঁড়ি কাঁড়ি টাকা নেবেন আর কাজ করবেন না, তা চলবে না। দরকার হলে টেন্ডার পাল্টে দেওয়া হবে।” বেআইনি নির্মাণ ও গাছ কাটার অভিযোগ তুলে তিনি বলেন, “আগের সরকারের সঙ্গে সেটিং করা যেত, কিন্তু আমাদের সরকারের সঙ্গে তা সম্ভব নয়। আমরা কড়ায়-গণ্ডায় হিসাব নেব।”
নিউ টাউনে টাকা উদ্ধারের ঘটনা ও বিভিন্ন দুর্নীতির অভিযোগ প্রসঙ্গেও সরব হন মন্ত্রী। তাঁর দাবি, সরকারের দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি রয়েছে এবং সমস্ত অভিযোগের তদন্ত হবে।
পাশাপাশি কলকাতা পুরসভায় ওয়ার্ড বৃদ্ধি এবং রাজ্যে প্রায় ৪০০টি নতুন পঞ্চায়েত আসন তৈরির পরিকল্পনার কথাও জানান তিনি।


