কলকাতা: ভোটের মুখে কালীঘাটে হাই প্রোফাইল রেইড! বাইরে মোতায়েন বিশাল কেন্দ্রীয় বাহিনী। বাড়ির ভেতর ঢুকে তল্লাশি চালাচ্ছেন আয়কর দফতরের (Income Tax Department) আধিকারিকরা। কিন্তু কার বাড়িতে এই ঝটিকা হানা? জানা গিয়েছে, জুম্মাবারের সকালে কালীঘাটের গ্রিক চার্চের কাছে এক স্থানীয় তৃণমূল নেতার বাড়িতে হানা দেয় আয়কর দফতরের (Income Tax Department) আধিকারিকরা।
পেশায় ব্যবসায়ী ওই ব্যক্তির নাম কুমার সাহা। এদিকে, অভিযান নিয়ে এলাকায় তৃণমূল কর্মী-সমর্থকদের তুমুল বিক্ষোভ। কুমার সাহার বাড়ির সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা। প্রসঙ্গত, রাসবিহারীর বিদায়ী বিধায়ক তথা তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারের মনোহরপুকুর রোডের বাড়িতে হানা দেয় আয়কর দফতর (Income Tax Department) । শুধু বাড়িই নয়, তাঁর নির্বাচনী কার্যালয় এবং মতিলাল নেহরু রোডে অবস্থিত একটি পার্টি অফিসেও তল্লাশি চালানো হয়।
এই অভিযানের মধ্যেই খবর আসে, কালীঘাট এলাকাতেও আলাদা একটি দলে তল্লাশি শুরু করেছে আয়কর দফতর (Income Tax Department) । তবে দুই জায়গার অভিযানের মধ্যে কোনও সরাসরি যোগ রয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়। উল্লেখ্য, জমি সংক্রান্ত একটি মামলায় এর আগে একাধিক বার জিজ্ঞাসাবাদের জন্য ইডি তলব করেছিল দেবাশিস কুমারকে।
তার পরেই এই আয়কর অভিযান ঘিরে নতুন করে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। দুই তল্লাশি অভিযানের মধ্যে কোনও যোগসূত্র আছে কিনা, তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। তবে এখনও পর্যন্ত আয়কর দফতরের (Income Tax Department) তরফে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি, ফলে রহস্য আরও ঘনীভূত হচ্ছে।


